রাঙামাটিতে কঠিন চীবর দান অনুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি রাজবন বিহারে আজ বৃহস্পতিবার বেলা তিনটা থেকে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উত্সব কঠিন চীবর দান শুরু হয়েছে। উত্সবে যোগ দিতে পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশের হাজার হাজার বৌদ্ধধর্মাবলম্বী রাঙামাটিতে এসেছেন।কাল শুক্রবার বেলা তিনটায় ধর্মীয় মর্যাদায় বৌদ্ধ ভিক্ষুদের চীবর বা গেরুয়া রঙের কাপড় দান করার মধ্য দিয়ে উত্সব শেষ হবে।চাকমা রাজা দেবাশীষ রায়ের মা আরতি রায় আজ বেলা তিনটায় চরকায় সুতা কাটার মাধ্যমে কঠিন চীবর তৈরির কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় রাজা দেবাশীষ রায় সমবেত বৌদ্ধধর্মাবলম্বীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্য আর সংহতির মাধ্যমে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও উন্নয়নে শামিল হতে সবার প্রতি আহ্বান জানান।রাজবন বিহারের উপাসক-উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক প্রতুল বিকাশ চাকমা জানান, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের সময়ের অনুকরণে একমাত্র রাঙামাটি রাজবন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান হয়ে থাকে। ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে চরকায় সুতা কেটে, রং করে, আদিবাসীদের কোমর তাঁতের মাধ্যমে কাপড় তৈরি ও বিশেষ প্রক্রিয়ায় সেলাই করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার সর্দার জানান, উত্সব অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বজায় রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এবং উত্সব অনুষ্ঠান স্থানের চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে।