রাঙামাটিতে জনসংহতি সমিতির নেতাকে গুলি করে হত্যা
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অভিলাষ চাকমাকে (৪২) গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাঙামাটি শহরের কল্যাণপুরে তাঁর বাসায় তাঁকে গুলি করে হত্যা করা হয়। আজ শুক্রবার সকালে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো মামলা হয়নি বলে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার সর্দার জানিয়েছেন। অভিলাষ চাকমার স্ত্রী পূর্ণিমা চাকমা জানান, গতকাল রাত পৌনে তিনটার দিকে অস্ত্রধারীরা এসে বাড়ির বাহির থেকে জানালা দিয়ে অস্ত্র তাক করে তাঁর ভাই (অভিলাষের শ্যালক) অমর চাকমাকে দরজা খুলতে বাধ্য করে। এ সময় তাঁরা ঘরে ঢুকে অভিলাষকে তাদের সঙ্গে যেতে বলে। কিন্তু তিনি যেতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে অস্ত্রধারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। তখন অস্ত্রধারীরা অভিলাষের কপাল ও ডান কানের ওপরে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে। জানা গেছে, অভিলাষ চাকমা পার্বত্যচুক্তি স্বাক্ষরের পর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টে (ইউপিডিএফ) যোগ দেন। তাঁর বিরুদ্ধে ২০০১ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের নানিয়াচর উপজেলার গুনিয়াপাড়া থেকে তিন বিদেশি প্রকৌশলীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল। পরে ওই অভিযোগে ২০০৩ সালে তাঁকে চট্টগ্রাম থেকে আটক করা হয়। মুক্তি পেয়ে তিনি ২০০৫ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিতে যোগ দেন।