রাঙামাটিতে জনসংহতি সমিতির নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরে গত বৃহস্পতিবার রাতে অভিলাষ চাকমা (৪৫) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি সংগঠনের নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। এ ঘটনায় পার্বত্য চুক্তিবিরোধী ইউপিডিএফকে দায়ী করা হয়েছে।অভিলাষের স্ত্রী পূর্ণিমা চাকমা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে কয়েকজন ব্যক্তি রাঙামাটি শহরের কল্যাণপুরে তাঁদের বাড়ির সামনে আসে। তারা বাইরে থেকে জানালা দিয়ে অস্ত্র তাক করে তাঁর ভাই (অভিলাষের শ্যালক) অমর চাকমাকে দরজা খুলতে বাধ্য করে। এ সময় তিনজন সশস্ত্র ব্যক্তি ঢুকে অভিলাষকে তাদের সঙ্গে যেতে বলেন। এ সময় তিনি (পূর্ণিমা) বাধা দেওয়ার চেষ্টা করলে অস্ত্রধারীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। অস্ত্রধারীরা তখন অভিলাষের কপাল ও ডান কানের ওপরে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে।হত্যাকাণ্ডের প্রতিবাদে জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদ তাৎক্ষণিকভাবে রাতে বিক্ষোভ মিছিল করে। গতকাল শুক্রবার জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের ঘটনায় পার্বত্য চুক্তিবিরোধী হিসেবে পরিচিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যরা জড়িত। দোষী ব্যক্তিদের গ্রেপ্তার, ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণা এবং ক্ষতিগ্রস্ত অভিলাষ চাকমার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। আজ শনিবার এ হত্যাকাণ্ডের প্রতিবাদে জনসংহতি সমিতি তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।তবে ইউপিডিএফের রাঙামাটি জেলা সমন্বয়কারী শান্তিদেব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এ ঘটনা জনসংহতি সমিতির কোন্দলে হতে পারে। অথবা তারা আমাদের ওপর দোষ চাপিয়ে ইউপিডিএফকে নিষিদ্ধ করার দাবি তুলতে অভিলাষকে হত্যা করেছে।’বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ইউপিডিএফ ও জনসংহতি সমিতির সূত্রে জানা গেছে, অভিলাষ চাকমা পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর ইউপিডিএফে যোগ দেন। তাঁর বিরুদ্ধে ২০০১ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের নানিয়ারচর উপজেলার গুনিয়াপাড়া থেকে তিন বিদেশি প্রকৌশলীকে অপহরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল। পরে ওই অভিযোগে ২০০৭ সালে চট্টগ্রাম থেকে তাঁকে আটক করা হয়। প্রায় সাত মাস আটক থাকার পর অভিলাষ জনসংহতি সমিতিতে যোগ দেন।হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার সর্দার।আওয়ামী লীগ নেতাকে হত্যাটাঙ্গাইল অফিস জানায়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আবদুল আজিজ নামে আওয়ামী লীগের এক নেতাকে গত বৃহস্পতিবার রাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি সল্লা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবদুল আজিজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উপজেলার বিলছাইয়া গ্রামের বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে হাতিয়া বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশে তাঁর লাশ পাওয়া যায়। কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, নিহত আজিজের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তাঁর ছেলে রফিকুল গতকাল তিনজনের নামসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম তালুকদার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বিএনপি নেতাকে জখমপুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার রাতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে (৪৫) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। জাকিরের ভাই তরিকুল ইসলাম অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের কর্মীরা তাঁর ভাইকে কুপিয়ে জখম করেছে।