রাঙামাটিতে জনসংহতি সমিতির নেতার ওপর সশস্ত্র হামলা
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদর উপজেলা শাখার নেতা অংকুর বিকাশ চাকমার (৩৫) বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। এ হামলার জন্য তিনি পার্বত্যচুক্তি-বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সশস্ত্র দলটি অংকুর বিকাশ চাকমার বাড়িসহ পাশের কয়েকটি বাড়ি ঘেরাও করে। এ সময় বাড়িতে ঢোকার চেষ্টা করলে অংকুর বিকাশ চাকমার স্ত্রী বাধা দেন। এরপর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির বেড়া ও দরজা-জানালা কেটে ফেলে। তারা বাড়িতে আগুন লাগানোরও চেষ্টা করে বলে জানা গেছে। সন্ত্রাসীরা অংকুর বিকাশ চাকমার ঘর লক্ষ্য করে ছয়টি গুলি ছোড়ে। এ সময় গ্রামের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ও সেনাবাহিনী ছয়টি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করে।অংকুর বিকাশ চাকমা অভিযোগ করেন, ইউপিডিএফের সশস্ত্র সদস্য রাঙামাটির শহরতলি বিহারপুরের সুনেন্দু চাকমা, রাঙামাটির পবিত্র চাকমা ওরফে শিগেবো ও আমছড়ির লুচ্ছ চাকমার নেতৃত্বে তাঁর ওপর হামলা হয়েছে। এ ব্যাপারে ওই তিনজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার সর্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, অংকুর বিকাশ চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার শ্যালক।