রাঙামাটিতে জনসংহতি সমিতির নেতার বাড়িতে সশস্ত্র হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি সদর উপজেলা শাখার সদস্য অংকুর বিকাশ চাকমার বাড়িতে গত বৃহস্পতিবার রাতে সশস্ত্র হামলা হয়েছে। তবে তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। এ হামলার জন্য তিনি পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন। তবে ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ১৫-২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল অংকুর বিকাশের (৩৫) রাঙামাটি পৌরসভার রাঙাপানি গ্রামের বাড়ি ঘেরাও করে। তারা ধারালো অস্ত্র দিয়ে অংকুর বিকাশের ঘরের বেড়া, দরজা ও জানালা কেটে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে তারা ঘরে আগুন লাগানোর প্রস্তুতি নেয়। এ সময় পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে অস্ত্রের মুখে তাদের বাধা দেয় সন্ত্রাসীরা। পরে গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে এগিয়ে গেলে সন্ত্রাসীরা অংকুর বিকাশের শোবার ঘর লক্ষ্য করে ছয়টি গুলি করে পালিয়ে যায়। অংকুর বিকাশ খাটের নিচে লুকিয়ে আত্মরক্ষা করেন।পুলিশ ও সেনাবাহিনী রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা সেখান থেকে ছয়টি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করেছে।অংকুর বিকাশ চাকমা অভিযোগ করেন, ইউপিডিএফের সদস্য রাঙামাটির শহরতলি বিহারপুরের সুনেন্দু চাকমা, রাঙাপানির পবিত্র চাকমা ওরফে শিগেবো ও আমছড়ির লুচ্ছ চাকমার নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালায়। এ ব্যাপারে অভিযুক্ত তিনজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। ইউপিডিএফের রাঙামাটি জেলা শাখার সদস্য মাইকেল চাকমা বলেন, ‘এ হামলার সঙ্গে ইউপিডিএফ জড়িত নয়। এটা জনসংহতি সমিতির অভ্যন্তরীণ কোন্দল। নিজেদের দ্বন্দ্ব ঢাকার জন্যই তারা ইউপিডিএফকে দায়ী করছে।’রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার সর্দার হামলার ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে যেসব গুলি পাওয়া গেছে সেগুলো অত্যাধুনিক এম-১৬ রাইফেলের গুলি। তবে এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়ার জন্য সেনাবাহিনী গুলিগুলো নিয়ে গেছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার শ্যালক হলেন অংকুর বিকাশ।