রাঙামাটির লংগদু ও বরকল উপজেলার সীমান্তবর্তী জোড়টিলা এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৭০ জন কর্মী-সমর্থককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ অপহূত ১৬ জনের নাম-পরিচয় নিশ্চিত হয়েছে। কিন্তু ট্রলারে কতজন ছিল—তা নিশ্চিত। প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যরা এসব ব্যক্তিকে অপহরণ করেছে বলে জনসংহতি সমিতির নেতারা অভিযোগ করেছেন। তবে ইউপিডিএফ অভিযোগ অস্বীকার করেছে।জানা গেছে, অপহরণের শিকার লোকজন গত শুক্রবার জনসংহতি সমিতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। গতকাল শনিবার সকালে তাঁরা একটি ভাড়া করা ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে বাঘাইছড়ি যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের জোড়টিলা এলাকায় ট্রলারটি পৌঁছলে অন্য একটি নৌযানে থাকা একদল লোক অস্ত্রের মুখে ট্রলারসহ যাত্রীদের অপহরণ করে। খবর পেয়ে লংগদু থানার পুলিশ ও স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে যান। তবে তাঁরা ঘটনাস্থলে পৌঁছার আগেই অপহরণকারীরা নৌকার লোকজনকে ধরে নিয়ে গভীর জঙ্গলে চলে যায়।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘ট্রলারে নারী-পুরুষ মিলিয়ে আমাদের ৭০ জন কর্মী-সমর্থক ছিলেন। তাঁদের সবাইকে অপহরণ করেছে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা। ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা অভিযোগ নাকচ করে বলেন, জনসংহতি সমিতি নিজেদের ভুল কার্যক্রমের সমালোচনা ঢাকতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ অপপ্রচার করছে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিকেলে জানান, ১৬ জন অপহূতের বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন। তবে কতজনকে অপহরণ করা হয়েছে, সেটি তাঁরা নিশ্চিত নন। অপহূতদের ঘটনাস্থলের পশ্চিমে নানিয়ারচর উপজেলার দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁরা খবর পেয়েছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ জনসংহতি সমিতি ও ইউপিডিএফের লোকজনের সঙ্গে তাঁরা কথা বলছেন। এদিকে কর্মী-সমর্থকদের অপহরণের প্রতিবাদে জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনগুলো গতকাল দুপুরে রাঙামাটি শহরে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ থেকে ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। মিছিল শহরের উত্তর কালিন্দীপুরের জনসংহতি সমিতির কার্যালয় থেকে বের হয়ে বনরূপা এলাকা ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ হয়।