রাঙামাটিতে জনসংহতির একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক নেতা নিহত ও পাহাড়ি ছাত্র পরিষদের এক সদস্য আহত হয়েছেন। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার জন্য জনসংহতি সমিতির প্রতিপক্ষ পার্বত্য শান্তিচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে। এদিকে ঘটনার প্রতিবাদে আজ সোমবার বেলা ১১টায় জনসংহতি সমিতি রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।নিহত উচিনু মারমা (২৮) জনসংহতি সমিতির ওই উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। আহত হয়েছেন পাহাড়ি ছাত্র পরিষদের কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন কমিটির সদস্য উবাচিং মারমা (২৩)। জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা জানান, গতকাল রোববার জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের ১২ থেকে ১৫ জন নেতা-কর্মী রাজস্থলী উপজেলা সদরে সাংগঠনিক সফরে যায়। সেখানে রাত ১১টার দিকে ‘রাজস্থলী ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা’ নামের একটি ক্লাবে কয়েকজন অস্ত্রধারী এসে তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই উচিনু মারা যান। আহত হন উবাচিং। তাঁকে ওই রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত থাকলেও নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। ইউপিডিএফের রাঙামাটি জেলার তথ্য বিভাগের সদস্য মাইকেল চাকমা ঘটনার সত্যতা অস্বীকার করেছেন।প্রসঙ্গত, গত শনিবার জুরাছড়ি উপজেলায় পার্বত্য চুক্তিবিরোধীদের গুলিতে চুক্তির পক্ষের চারজন নিহত ও দুজন আহত হয়।