রাঙামাটিতে টেলিটকের পাঁচ কর্মকর্তা অপহৃত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়ন থেকে রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের পাঁচ কর্মকর্তাকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও উপজেলা প্রশাসন রাতে বিষয়টি নিশ্চিত করেছে।অপহৃত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন মো. আক্তার হোসেন ও সুজন। তাঁরা ঢাকা থেকে বাঘাইছড়ি গিয়েছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ঢাকা থেকে যাওয়া টেলিটকের তিনজন ও খাগড়াছড়ি থেকে দুজন কর্মকর্তা মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট এলাকার একটি টাওয়ারে কাজ করতে যান। বেলা দুইটার দিকে একদল সশস্ত্র ব্যক্তি সেখানে গিয়ে কথা আছে বলে তাঁদের অন্যত্র নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত তাঁরা ফিরে না আসায় টেলিটকের স্থানীয় কর্মকর্তাদের সন্দেহ হয়।নাম প্রকাশ না করার শর্তে টেলিটকের একটি সূত্র জানায়, অপহূত ব্যক্তিদের সঙ্গে সোমবার রাত আড়াইটা পর্যন্ত কথা হয়েছে। তাঁরা জানান, অপহরণকারীরা ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তবে কারা তাঁদের অপহরণ করেছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ঘটনা জানার পর থেকে অপহূত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও তাঁদের মুক্ত করার ব্যাপারে চেষ্টা চলছে।