রাঙামাটিতে দুই দলের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১
রাঙামাটির লংগদু উপজেলায় পেরাছড়া গ্রামে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পক্ষে-বিপক্ষে দুই দলের বন্দুক যুদ্ধ হয়েছে। এতে চুক্তির পক্ষ দলের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম সুমেন্টু চাকমা (২৭)। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।সুমেন্টু চাকমার বাড়ি বাঘাইছড়ি উপজেলার নবছড়া গ্রামে। তিনি তক্কুরু পেদা চাকমার ছেলে বলে জানা গেছে।বাঘাইছড়ি উপজেলার জনসংহতি সমিতির (সন্তু) সাধারণ সম্পাদক বড় ঋষি চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুমেন্টু চাকমা চুক্তির পক্ষের লোক। কিন্তু তিনি নিরস্ত্র। এদিকে আটরকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কুমার চাকমা বলেন, সকালে গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পেরাছড়া গ্রামে চুক্তির পক্ষ দলের ওপর বিপক্ষ দলের সদস্যরা হামলা করে। পরে দুই দলের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে গুলিবিনিময় চলে। এতে পক্ষ দলের সুমেন্টু চাকমা (২৭) ওরফে (সংক্রান্তি) গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে বিপক্ষ দলের সদস্যরা ধরে নিয়ে যায়।তবে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন সিকদার বলেন, ‘আমাদের কাছে সংঘর্ষের খবর এখনো আসেনি।’