রাঙামাটিতে ধর্মীয় সংগঠন হিজবুল মাহাদির সদস্য সন্দেহে সাতজন আটক
রাঙামাটির বরকল উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দারা হিজবুল মাহাদি নামের একটি ধর্মীয় সংগঠনের সদস্য সন্দেহে সাতজনকে আটক করে সেনাবাহিনীর ক্যাম্পে দিয়েছে। আটক ব্যক্তিরা হলেন বরকল সদর ইউনিয়নের বগারবিল গ্রামের হাতেম আলী (৬৫), মো. সোহরাব (৪২), মো. রোববানা (৪০), শহীদুল ইসলাম ওরফে নুহুল (৩৭), মমতাজ উদ্দিন (৫৫), আবদুল খালেক (৪০) ও সুবলং ইউনিয়নের শাহজাহান মিস্ত্রি (৬০)।জানা গেছে, আজ সকাল আটটার দিকে এই সাতজন স্থানীয় লোকজনকে ডেকে জিহাদ নিয়ে আলোচনার চেষ্টা করেন। এ সময় স্থানীয় আনসার-ভিডিপির সদস্য ও গ্রামবাসী তাদের ধরে ফেলে। পরে সকাল নয়টার দিকে গ্রামবাসী তাদের সুবলং সেনাবাহিনীর ক্যাম্পে দিয়ে আসে। গ্রামবাসী জানায়, ওই সাতজন দীর্ঘদিন ধরে তাদের ইসলাম ধর্ম সম্পর্কে নানা ধরনের অপব্যাখ্যা ও জিহাদের কথা বলে আসছে। তাদের কাছ থেকে ওই সংগঠনের পাঁচটি জিহাদি বই ও বেশকিছু প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। রাঙামাটি পুলিশ সুপার মাসুদ উল হাসান সাতজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, তারা হিজবুল মাহাদির সদস্য কি না, পুলিশ সে ব্যাপারে নিশ্চিত নয়।