রাঙামাটিতে পার্বত্য শান্তিচুক্তির পক্ষ-বিপক্ষে বন্দুকযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য শান্তিচুক্তির সমর্থক জনসংহতি সমিতি ও বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে বন্দুকযুদ্ধে কমপক্ষে তিনজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে রতন চাকমা ও পরেশ চাকমার নাম জানা গেছে। অপর নিহত জন এবং আহত ব্যক্তিদের নাম এখনো জানা যায়নি। তবে হতাহত ব্যক্তিরা শান্তিচুক্তিবিরোধী ইউপিডিএফের সমর্থক বলে জানা গেছে। রাঙামাটি পুলিশ সুপার মাসুদ-উল হাসান দুই দল আদিবাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি।জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনায় ইউপিডিএফের তিনজন নিহত ও দুজন আহত হওয়ার খবর শুনছেন বলে জানিয়েছেন। অন্যদিকে ইউপিডিএফের পক্ষ থেকে বন্দুকযুদ্ধের কথা স্বীকার করা হলেও হতাহতের ব্যাপারে কিছু জানানো হয়নি। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বালুখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাইন্দ্যা মৌজার বাদলছড়ি বান্দরমাছড়া গ্রামে দুই দল আদিবাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। থেমে থেমে এ যুদ্ধ বেলা সাড়ে তিনটা পর্যন্ত চলে।