রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি গোলাগুলি: সেনাসদস্যসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গঙ্গারামমুখ ও বাঘাইহাটে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাঙালি ও পাহাড়িদের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে। এ পর্যন্ত এই সংঘর্ষে একজন সেনাসদস্যসহ চার ব্যক্তি আহত হয়েছেন।গঙ্গারামমুখে পাহাড়িরা ও বাঘাইহাট বাজারে বাঙালিরা মুখোমুখি অবস্থান নিয়েছে।ঘটনাস্থল থেকে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিস্থিতি দেখতে এসে আমরা গোলাগুলির মধ্যে পড়েছি।’ তিনি আরও জানান, গোলাগুলিতে চারজন আহত হয়েছে। তাঁদের মধ্যে সেনাবাহিনীর সার্জেন্ট রেজাউলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন দুজন পাহাড়ি ও একজন বাঙালি। ওই এলাকার আশপাশের অনেক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এখনো থেমে থেমে গোলাগুলি চলছে। তিনি আরও জানান, আহত সেনাসদস্যকে উদ্ধার করতে দুপুরের দিকে চট্টগ্রাম থেকে হেলিকপ্টার পাঠানো হয়েছে। বাঘাইছড়ি উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুই পক্ষের মধ্যে প্রায় ১০০টি গুলিবিনিময় হয়। তবে সেনাসূত্রে জানা গেছে, তারা একটি গুলিও চালায়নি, বরং কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বাঘাইহাট বাজারসংলগ্ন এলাকায় পাহাড়িদের গুচ্ছগ্রামে আজ সকালে বাঙালিরা আগুন লাগিয়ে দেয়।প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বাঘাইহাট এলাকার রেডকাবা ও গঙ্গারামমুখ গ্রামে ২০-২৫টি বাড়ি ও দোকান পুড়ে যায়। এর মধ্যে পাহাড়ি ও বাঙালি উভয়েরই দোকান ও বাড়ি ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে ওই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সালেহিন সাংবাদিকদের বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল পাহাড়ে অশান্তি সৃষ্টির জন্য এসব কাজ করছে বলে আমরা সন্দেহ করছি।’ রাঙামাটির বাঘাইছড়িতে চার সেনাসদস্যসহ পাঁচজন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। আজ শনিবার বেলা দুইটায় সেনাবাহিনীর বাঘাইছড়ি জোন সদর দপ্তরে তিনি এসব কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল সালেহিন বলেন, আহত চারজন সেনাসদস্যকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।অন্যদিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভূমিরক্ষা কমিটির নেত্রী নিরূপা চাকমা বলেন, গতকাল রাতে ও আজ দুপুরে বাঙালি ও সেনাবাহিনীর হামলায় পাহাড়িদের ২০০ ঘর পুড়ে গেছে। তিনি তিনজন নিহত হয়েছে বলে দাবি করলেও কারও পরিচয় জানাতে পারেননি।