রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে জুম চাষি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলীতে আজ রোববার সকালে বন্য হাতির আক্রমণে চিত্রসেন তঞ্চঙ্গ্যা (৬৫) নামের এক জুম চাষি নিহত ও শিশুসহ তিন ব্যক্তি আহত হয়েছেন। আহতরা হলেন, নিহতের নাতি রিনা তঞ্চঙ্গ্যা (৮), স্থানীয় বাসিন্দা নূর নবী (৩৫) ও সাংবাদিক আসগর আলী (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ছয়টার দিকে বন্য হাতির একটি দল রাজস্থলী উপজেলা থেকে তিন কিলোমিটার দূরে ঘিলাছড়ি ইউনিয়নের ঝুরঝরি পাড়ায় নেমে আসে। এ সময় দলটি পাকা ধানের জুমখেত, কলাগাছসহ বিভিন্ন ফলমূল নষ্ট করে। একপর্যায়ে হাতির পাল চিত্রসেন তঞ্চঙ্গ্যার ঘরে হামলা চালিয়ে তাঁকে শূর দিয়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় আহত হয় রিনা তঞ্চঙ্গ্যা। স্থানীয় লোকজন হাতি তাড়াতে গেলে হাতির দল পাল্টা তাদের ধাওয়া করে। এ সময় পালাতে গিয়ে নূর নবী ও আসগর আলী আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মুজিবুর রহমান চৌধুরী জানান, পুলিশসহ একদল বনকর্মী ঘটনাস্থলে যান। ওই সময় সাত থেকে আটটি হাতি মৃত ব্যক্তিকে ঘিরে রেখেছিল। এক ঘণ্টার চেষ্টায় ১৩টি ফাঁকা গুলি ছুড়ে হাতির দলকে তাড়িয়ে দেওয়া হয়। রেঞ্জ কর্মকর্তা জানান, মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। হাতির পাল জুমখেতের কিছু ক্ষতি করেছে।রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।