রাঙামাটি শহরে বাঙালি-পাহাড়ি সংঘর্ষে আজ শনিবার শিক্ষক, উপজেলা চেয়ারম্যানসহ কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর হাসপাতালে প্রায় ৪০ জনকে চিকিত্সা দেওয়া হয়েছে বলে জানা গেছে। চরম উত্তেজনার মুখে রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে দুই ছাত্রের হাতাহাতি থেকে ঘটনার সূত্রপাত। পরে তা রাঙামাটি শহরে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শহরে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।কলেজের অধ্যক্ষ বাঞ্ছিতা চাকমা প্রথম আলো ডটকমকে বলেন, ‘বেলা ১১টার দিকে হঠাত্ করে সংঘর্ষ শুরু হয়। আমি আমার কক্ষ থেকে বের হয়ে দেখি, পাহাড়ি ও বাঙালি ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সেখানে অনেক বহিরাগতও ছিল। পরে সংঘর্ষ শ্রেণীকক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় দুজন শিক্ষক, একজন কর্মচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়।’প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুই পক্ষের সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে বাঙালি ও পাহাড়িরা সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। একপর্যায়ে গুজব ছড়ায়, সংঘর্ষে একজন বাঙালি ছাত্র নিহত হয়েছে। এতে সহিংসতা তীব্র আকার ধারণ করে। এ সময় শহরের বনরূপা এলাকায় কমপক্ষে ২০ জন আহত হয়। রাঙামাটি সদর উপজেলা পরিষদ কার্যালয়ে তিন পার্বত্য জেলা থেকে আসা উপজেলা চেয়ারম্যানরা সভা করার সময় সেখানে হামলা চালানো হয়। এতে পাঁচজন উপজেলা চেয়ারম্যান আহত হন। রাঙামাটির পুলিশ সুপার মাসুদ-উল হাসান রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করার বিষয়টি নিশ্চিত করেছেন। বেলা দুইটা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় দুই পক্ষের সংঘর্ষ চলে। কলেজে তদন্ত কমিটি গঠনসংঘর্ষের ঘটনা উদঘাটনে কলেজের উপাধ্যক্ষ মো. মফিজ আহমদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষ জানান, কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ১৪৪ ধারা অব্যাহতসংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে রাঙামাটি শহরে বেলা দেড়টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. মাসুদ-উল হাসান জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত থাকবে।