রাঙামাটিতে বাস খাদে, নিহত ৬ আহত ৩২
রাঙামাটি বেতার কেন্দ্রের পাশে গত বৃহস্পতিবার রাতে একটি বাস পাহাড়ি খাদে পড়ে গিয়ে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৩২ জন আহত হয়েছেন।নিহত ব্যক্তিদের মধ্যে চারজন রাঙামাটি জেনারেল হাসপাতালে এবং দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন: বাসের চালক আবদুল মান্নান (২৫), ফরিদ (৪০), আবদুল কাইয়ুম (৩৬)।দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ১৭ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে এবং ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত যাত্রীরা জানান, বৃহস্পতিবার বিকেলে বৈশাখী পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশে ছেড়ে আসে। বাসে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। রাত সাড়ে আটটার দিকে বাসটি রাঙামাটি বেতার কেন্দ্রের কাছাকাছি এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৩০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে যায়।দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী ও পুলিশের সদস্য, ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম চৌধুরী জানান, গতকাল বিকেল চারটা পর্যন্ত এ দুর্ঘটনার ব্যাপারে কোনো মামলা হয়নি।