রাঙামাটিতে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬
রাঙামাটি বেতার কেন্দ্রের পাশে গতকাল বৃহস্পতিবারের বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৭ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ও ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এঁরা হলেন—বাসের চালক আবদুল মান্নান (২৫), ফরিদ (৪০) ও আবদুল কাইয়ুম (৩৬)।কয়েকজন আহত যাত্রী জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটায় বৈশাখী পরিবহনের বাসটি ৪০-৪৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশে ছেড়ে যায়। রাত সাড়ে আটটার দিকে বাসটি রাঙামাটি বেতার কেন্দ্রের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৩০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই দমকলকর্মী, সেনাবাহিনী, পুলিশ ও সাধারণ মানুষ উদ্ধারকাজে নেমে পড়ে। আজ শুক্রবার সকালে খাদ থেকে বাসটি উদ্ধার করা হয়।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম চৌধুরী জানান, আজ বিকেল চারটা পর্যন্ত এ দুর্ঘটনার ব্যাপারে কোনো মামলা হয়নি।