রাঙামাটিতে ব্রাশফায়ারে ইউপিডিএফ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আজ রোববার মোহন লাল চাকমা (৩৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি পার্বত্যচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য ছিলেন।এ ঘটনার জন্য প্রতিপক্ষ পার্বত্যচুক্তির পক্ষের জনসংহতি সমিতিকে দায়ী করা হয়েছে। তবে তাঁরা তা অস্বীকার করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে উপজেলা সদরের তালুকদার পাড়ার একটি দোকানে দুই সহকর্মীসহ বসেছিলেন মোহন লাল চাকমা। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সেখানে গেলে তাঁরা পালানোর চেষ্টা করেন। কিন্তু সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মোহন লাল গুলিবিদ্ধ হন। অপর দুজনকে সন্ত্রাসীরা গুলি করতে করতে ধাওয়া করলেও তাঁরা প্রাণে বেঁচে যান।ইউপিডিএফের রাঙামাটি জেলা সমন্বয়কারী অলেকশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে এর জন্য জনসংহতি সমিতির সদস্যদের দায়ী করেছেন। তবে জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমাদের কোনো সন্ত্রাসী দল নেই। সুতরাং আমাদের কেউ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রাজনৈতিক দুরভিসন্ধি ছাড়া আর কিছুই নয়।’বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম উদ্দিন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের দলীয় পরিচয়ের ব্যাপারে তিনি কিছু বলেননি।