রাঙামাটিতে ব্রাশফায়ারে জনসংহতির তিন সমর্থক নিহত
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিত্মরম ইউনিয়নে ব্রাশফায়ারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) তিনজন সমর্থক নিহত হয়েছেন। এ ছাড়া একজনকে অপহরণ করা হয়েছে। তবে নিহত ও অপহূতের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। আজ শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।জনসংহতি সমিতি এ ঘটনার জন্য প্রতিপক্ষ পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের দায়ী করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে কাপ্তাই উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণ-পূর্বে চিত্মরম ইউনিয়নের দুর্গম আগারপাড়া এলাকায় জনসংহতি সমিতির কয়েকজন সমর্থকসহ বেশ কিছু গ্রামবাসী একটি দোকানে চা পান করছিল। এ সময় ইউপিডিএফের ২০ থেকে ২২ জনের একটি সশস্ত্র দল এসে জেএসএস সমর্থকদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে তাদের তিন সমর্থক নিহত হয়। এ সময় সমিতির অপর এক সমর্থককে সশস্ত্র ব্যক্তিরা ধরে নিয়ে যায়।জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা দাবি করেন, নিহত ও অপহূত চারজন তাঁদের দলের সমর্থক। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেন। তবে ইউপিডিএফের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাত্ক্ষণিকভাবে তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।সেনাবাহিনীর ৭ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও চন্দ্রঘোনা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।