রাঙামাটিতে ভূমিবিরোধ নিষ্পত্তির বিচারিক কার্যক্রম স্থগিতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন করা এবং ভূমিবিরোধ নিষ্পত্তির বিচারিক কার্যক্রম স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। রাঙামাটির পাঁচটি সংগঠন সেখানে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে।আজ রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টা মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রকি চাকমা প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ২৫ বছর পাহাড়ি-বাঙালির অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলার পর শান্তির আশায় পার্বত্যচুক্তি হয়েছে। এখন পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বড় সমস্যা ভূমিবিরোধ। এ বিরোধ নিষ্পত্তিতে কোনো ত্রুটি থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই ভূমিবিরোধ নিষ্পত্তি হতে হবে পার্বত্যচুক্তির আলোকে।প্রধানমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, ২০০১ সালে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন জাতীয় সংসদে পাসের সময় পার্বত্যচুক্তির সঙ্গে বেশ কিছু বিরোধাত্মক ধারা রয়ে যায়। পরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সরকারের কাছে ভূমিবিরোধ নিষ্পত্তি আইনের ২৩ ধারায় সংশোধনী প্রস্তাব দেয়। ভূমি মন্ত্রণালয় তথা সরকার ওই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করে।স্মারকলিপিতে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছরের ১০ অক্টোবর রাঙামাটিতে অনুষ্ঠিত সভায়ও সরকারের পক্ষ থেকে আইন সংশোধনের সিদ্ধান্ত জানানো হয়। আইন সংশোধনের আগে কমিশনের ভূমিবিরোধ নিষ্পত্তির বিচারিক কার্যক্রম শুরু করা পার্বত্যচুক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র ও দূরভিসন্ধিমূলক। এ অবস্থায় বিচারিক কার্যক্রম শুরু করার উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এতে পার্বত্য চট্টগ্রামের ভূমিসমস্যা আরও জটিল ও নতুন সমস্যার জন্ম দেবে বলে স্মারকলিপিতে আশঙ্কা করা হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, বাংলাদেশ আদিবাসী ফোরাম, জুমঈসথেটিকস কাউন্সিল, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন এবং পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলনের সদস্যরা মানববন্ধন ও স্মারকলিপি দেন।