রাঙামাটিতে শান্তি ফিরলেও আস্থার সংকট কাটেনি
রাঙামাটি শহরের জনবহুল বাজার তবলছড়ি। দূরদূরান্তের গ্রাম থেকে পণ্য নিয়ে পাহাড়ের মানুষ আসে এই বাজারে। গতকাল বুধবার ছিল হাটবার। বেলা ১১টায় গিয়ে দেখা গেল, বাজারের বেশির ভাগ দোকানই শূন্য। বাঙালি ব্যবসায়ীদের দোকান খোলা থাকলেও পাহাড়ি পণ্য বিক্রেতা নেই।ক্ষুদ্র ব্যবসায়ীরা বললেন, শনিবারের সহিংস ঘটনার পর পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। শান্তি ফিরে এলেও পুরোপুরি আস্থা ফেরেনি। গ্রামের মানুষ ভয়ে শহরে আসতে পারছে না। একই অবস্থা পাহাড়িদের আরেক বাজার বনরূপার। সকালে এই বাজারেও পাহাড়ি বিক্রেতা ছিল হাতে গোনা।দুই কলেজছাত্রের হাতাহাতি থেকে শহরময় সহিংস ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকালও কথা হয় পাহাড়ি-বাঙালি নেতা, জেলা প্রশাসনের কর্মকর্তা, সেনা প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। জানা গেল, পাহাড়ে বিরোধের মূল কারণ হলো ভূমিবিরোধ নিষ্পত্তি না হওয়া। আবার এর সঙ্গে রয়েছে পার্বত্য জেলা পরিষদ নির্বাচন, পুলিশ প্রশাসন জেলা পরিষদের নিয়ন্ত্রণে নেওয়া এবং ভারত প্রত্যাগত শরণার্থী ও উপজাতীয় অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্স কার্যকর না করা। সবার একই বক্তব্য, যত দিন এসব সমস্যার নিষ্পত্তি না হবে, তত দিন পাহাড়ে শান্তি আসবে না।সমস্যার মূলে ভূমি: পার্বত্য চুক্তি অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন সশস্ত্র সংঘাতে ভারতে আশ্রয় নেওয়া এবং অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়ে যাওয়া পাহাড়িদের জমি ফেরত দেওয়ার কথা। সেই লক্ষ্যে ২০০১ সালে সংসদে পাস করা হয় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন। কিন্তু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, জনসংহতি সমিতিসহ পাহাড়িদের পক্ষ থেকে সেই আইনের ২৩টি ধারা পার্বত্য চুক্তির সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে অভিযোগ করা হয়। এই ধারাগুলো সংশোধনের জন্য সরকার একটি কমিটি গঠন করে। সেই কমিটি ১৩টি ধারা সংশোধনের জন্য খসড়াও তৈরি করে। গত শীতকালীন অধিবেশনে ওই সংশোধনী পাস হওয়ার কথা থাকলেও হয়নি। তাই ভূমি বিরোধ নিষ্পত্তি হচ্ছে না।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির শীর্ষস্থানীয় নেতা গৌতম কুমার চাকমা আক্ষেপ করে বলেন, ‘জানি না, এই সরকারের আমলেও ভূমি কমিশন আইন সংশোধন হবে কি না। প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ না নিলে এই সংকট দূর হবে না।’পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সমন্বয়কারী জাহাঙ্গীর কামাল বলেন, ‘এই ভূমি সবার, সেই মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। আগে জরিপ করে ভূমির পরিমাণ ও দখলদার নিশ্চিত করতে হবে। যাদের জমি থাকবে না, তাদের জমি দেওয়া হোক আমরা সেটাই মনে করি।’রাঙামাটির জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, পার্বত্য এলাকার ৮০ শতাংশ সমস্যা ভূমিকেন্দ্রিক। ভূমি বিরোধ মিটে গেলে এলাকায় এমনিতে শান্তি আসবে।ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের পরিসংখ্যানমতে, পার্বত্য তিন জেলায় (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) উদ্বাস্তু পরিবারের সংখ্যা এক লাখ ২৮ হাজার ৩৬৪টি। এর মধ্যে পাহাড়ি পরিবারের সংখ্যা রাঙামাটিতে ৩৫ হাজার ৫৯৫; বান্দরবানে আট হাজার ৪৩ ও খাগড়াছড়িতে ৪৬ হাজার ৫৭০। আর বাঙালি পরিবারের সংখ্যা রাঙামাটিতে ১৫ হাজার ৫১৬; খাগড়াছড়িতে ২২ হাজার ৩৭১ ও বান্দরবানে ২৬৯। পার্বত্য চুক্তি বাস্তবায়নের সঙ্গে ঝুলে আছে এসব পরিবারের ভাগ্য।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর খাগড়াছড়ি থেকে নির্বাচিত সরকারদলীয় সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরাকে চেয়ারম্যান করে টাস্কফোর্স পুনর্গঠন করা হয়। কিন্তু এটি অকার্যকর রয়েছে। টাস্কফোর্সের প্রথম কমিটি গঠন করা হয় ১৯৯৭ সালের ৮ এপ্রিল, তৎকালীন সাংসদ কল্পরঞ্জন চাকমাকে চেয়ারম্যান করে।পার্বত্য চুক্তি অনুয়ায়ী, পুলিশ প্রশাসন পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণে আসার কথা। পার্বত্য জেলা পরিষদের অধীনে পুলিশ প্রশাসন কীভাবে চলবে, সে ব্যাপারে গত ৩০ আগস্ট রাঙামাটিতে একটি সেমিনার হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহায়তায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এর আয়োজন করে। তখন রাঙামাটি শহরে গুজব রটে যায় যে, সব বাঙালি পুলিশকে পার্বত্য চট্টগ্রামের বাইরে পাঠিয়ে আদিবাসী পুলিশ নিয়োগ দেওয়া হবে। সে কারণে বাঙালিদের পাঁচটি সংগঠন দুই দিনের হরতাল ডাকে। এক দিন হরতাল হওয়ার পর সেমিনার স্থগিত করা হয়।কিন্তু পার্বত্য চুক্তি অনুযায়ী, স্থানীয় পুলিশ প্রশাসন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হলেও শুধু কনস্টেবল পদে নিয়োগ দিতে পারবে জেলা পরিষদ। এ ছাড়া পুলিশ প্রশাসন চলবে পুলিশের নিজস্ব আইন অনুযায়ী।পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় পুলিশ কেমন হবে, আমরা এখনো সেটাই ঠিক করতে পারিনি। কিন্তু তার আগে এ নিয়ে গুজব রটে গেছে।’পার্বত্য চুক্তি অনুযায়ী, পার্বত্য জেলা পরিষদে একজন আদিবাসী চেয়ারম্যান ও বিভিন্ন সম্প্রদায়ের তিনজন নারী সদস্যসহ ৩৩ জন সদস্য সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার কথা। কিন্তু চুক্তি স্বাক্ষরের পর মনোনীত মাত্র পাঁচ সদস্য নিয়ে এই পরিষদ চলছে। আর পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন হস্তান্তরিত বিভাগের দ্বিতীয় শ্রেণীর নিম্নপদে নিয়োগ চলছে এই পরিষদগুলোর মাধ্যমে।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, জেলা পরিষদের নির্বাচন না হওয়ায় সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে ক্ষোভ রয়েছে। তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর পার্বত্য এলাকায় পাহাড়ি-বাঙালি মিশ্র পুলিশ বাহিনী হলে সাম্প্রদায়িক সংঘাত বন্ধে তা সহায়ক হবে।এসব বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, সরকার চুক্তির দুই-তৃতীয়াংশ শর্ত বাস্তবায়ন করেছে। ভূমির বিষয়টি নিয়ে এখনো জটিলতা আছে। এটি একটি জটিল বিষয়। কিছু ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্বীকার করেন যে, এ নিয়ে পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে।