রাঙামাটিতে শান্তিচুক্তির পক্ষে-বিপক্ষে সংঘর্ষ, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পক্ষ ও বিপক্ষ দলের মধ্যে আজ শনিবার সশস্ত্র সংঘর্ষ হয়েছে। এতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা সবাই শান্তিচুক্তির পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রশাসন ঘটনা সম্পর্কে জানার কথা বললেও এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আজকের সংঘর্ষে সুহাগ চাকমা (১৬), লক্ষ্মীচন্দ্র চাকমা (২৭), পূর্ণচন্দ্র চাকমা (৩৫) ও রূপায়ণ চাকমা (১৮) মারা গেছে এবং কংকন চাকমা (২২) ও সুভাষ বিজয় চাকমা (২৭) নামের দুজন আহত হয়েছেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া আটটার দিকে উপজেলার পানছড়ি এলাকায় চুক্তির পক্ষের লোকজনের সঙ্গে বিপক্ষের লোকজনের সশস্ত্র সংঘর্ষ হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে এ সংঘর্ষ। সংঘর্ষের পরপরই স্থানীয় সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলের দিকে যান। তাঁরা সংঘর্ষের আলামত পেলেও হতাহতদের খোঁজ পাননি, তবে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছে। ধারণা করা হচ্ছে, হতাহতদের প্রতিপক্ষের লোকজন নিয়ে গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আলী মো. সাজ্জাদ হোসেন সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই সংঘর্ষে চারজন নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে এর চেয়ে বেশি কিছু তিনি জানেন না। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।