রাঙামাটিতে শান্তিপূর্ণ অবরোধ, ইউপিডিএফ কার্যালয়ে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইহাটে গত শনিবার সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে আজ বৃহস্পতিবার তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।এদিকে, রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদরে পার্বত্যচুক্তি-বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কার্যালয়ে গতকাল বুধবার রাত একটার দিকে আগুন লাগে। এতে ১৯টি বসতবাড়ি ও অফিসঘর পুড়ে গেছে।আজ সকাল থেকে সড়ক অবরোধ শুরু হওয়ার পর দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাঙামাটিতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আদিবাসীদের মধ্যে সহিংস ঘটনার আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে। সে কারণে রাস্তাঘাটে আদিবাসীদের চলাফেরা খুব কম। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অফিস-আদালতেও মানুষের ভিড় নেই।একই ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার আদিবাসীদের সংগঠন ইউপিডিএফের ডাকা সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ি শহরে পাহাড়ি-বাঙালির মধ্যে ব্যাপক সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ২০ জনের অধিক আহত হন। এ সময় অর্ধশতাধিক বাড়িঘর পুড়ে যায়।এদিকে, রাঙামাটির জুরাছড়িতে ইউপিডিএফ কার্যালয়ে অগ্নিকান্ডে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়। ইউপিডিএফ উপজেলা শাখার সভাপতি মহারঞ্জন চাকমা অভিযোগ করেন, ‘প্রতিপক্ষেরা আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে।’ তবে ইউএনও জানান, ঘটনাটি নাশকতা কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।অগ্নিকান্ডের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন, বেসরকারি সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) কার্যালয়েও আগুন ছড়িয়ে পড়ে। ইউএনওসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানায়, ইউপিডিএফের কার্যালয় থেকে জুরাছড়ি উপজেলার সিঁড়িঘাট এলাকার আদিবাসীদের প্রায় সব বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসব বাড়ির বেশির ভাগই কাঠ, বাঁশ ও ছনের তৈরি।নেভানোর কোনো ব্যবস্থা না থাকায় আগুন প্রায় ভোর পাঁচটা পর্যন্ত স্থায়ী হয়। খবর পেয়ে পার্শ্ববর্তী সেনাক্যাম্প থেকে সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে একটি বাঙালি পরিবারও রয়েছে।