রাঙামাটিতে শান্তিপূর্ণ হরতাল চলছে
রাঙামাটিতে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।বরকলে নিখোঁজ পাঁচ বাঙালি জেলে উদ্ধার, জেলা প্রশাসন কার্যালয় ভাঙচুরে জড়িত সন্দেহে আটক ১৬ জনের মুক্তি, তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং বাঘাইছড়িতে নিহত আবদুস সাত্তারের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বাঙালিদের তিনটি সংগঠনের ডাকে এ হরতাল চলছে।হরতালের কারণে রাঙামাটি শহরে কোনো যানবাহন চলছে না। সকালে নৌপথে কোনো লঞ্চও ছাড়েনি। অফিস-আদালতে লোকজনের উপস্থিতি কম এবং দোকানপাট বন্ধ রয়েছে।গত ৪ ডিসেম্বর রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী তাগলকবাগ এলাকার কর্ণফুলী নদী থেকে পাঁচ বাঙালি জেলে গভীর রাতে নিখোঁজ হন। এ পাঁচজনকে উদ্ধারের দাবিতে বরকল থেকে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিতে এসে গত রোববার একদল বাঙালি রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় ভাঙচুর ও পুলিশের সঙ্গে হাতাহাতি করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৪ ডিসেম্বর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আবদুস সাত্তার নামের এক মোটরসাইকেলচালক খুন হন।