রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরতলির উলুছড়ি এলাকায় আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়েছে। সেনাবাহিনী ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার এবং পাঁচ ব্যক্তিকে আটক করেছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি রাইফেল, বেশ কিছু গুলি ও একটি পোচ (গুলি রাখার কাপড়ের বাক্স) উদ্ধার করেছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।একজন সেনা কর্মকর্তা বলেন, উলুছড়ি এলাকায় গোলাগুলির শব্দ শুনে রাঙামাটি সেনা জোন থেকে একদল সেনাসদস্য ঘটনাস্থলের দিকে যান। এ সময় সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সেনাসদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে মৃত ব্যক্তিটি কার গুলিতে মারা গেছে তা সেনা কর্মকর্তা নিশ্চিত করতে পারেননি।সেনা কর্মকর্তা আরও জানান, যে পাঁচজনকে আটক করা হয়েছে তাঁরা সবাই স্থানীয় নয়ু। লাশ ও আটক ব্যক্তিদের হস্তান্তরের জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলটি সেনাবাহিনীর রাঙামাটি ক্যান্টনমেন্ট থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার পশ্চিমে এবং চট্টগ্রাম-রাঙামাটি সড়ক থেকে আধ কিলোমিটার উত্তরে। পাশের ভেদভেদী এলাকার মো. শফিকুল ইসলাম ও অমর বিকাশ চাকমা বলেন, বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। আর গোলাগুলি হয়েছে ১০ থেকে ১৫ মিনিট।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম চৌধুরী আজ সন্ধ্যায় বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এ মুহূর্তে বিস্তারিত বলা যাবে না।’