রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সংযোগ সড়কের মানিকছড়িতে আজ এক সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত ও দুই শিশুসহ চারজন আহত হয়েছেন। নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন অটোরিকশার চালক মো. রফিক (২২) ও মনীষ দেওয়ান (৩০)। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, খাগড়াছড়ি থেকে দুটি অটোরিকশা রাঙামাটি আসার সময় চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সংযোগ সড়কের পুলিশ চেকপোস্টে থামে। এ সময় রাঙামাটি থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস ওই দুটি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বাকি আহত ব্যক্তিদের প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । পুলিশ ও স্থানীয় লোকজন ঘাতক চালকসহ মাইক্রোবাসটি আটক করেছেন।