রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩
রাঙামাটির কাউখালী উপজেলায় আজ বুধবার দুপুর ১২টার দিকে এক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। উপজেলার ঘাগড়া ইউনিয়নে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রাঙামাটি জেলার আটারকছড়া গ্রামের পূর্ণ বিকাশ চাকমা (৪০) ও তাঁর মেয়ে বিথিকা চাকমা (৮) এবং কাউখালী উপজেলার টিটু দে (২০)। আহত ব্যক্তিরা হলেন নিহত পূর্ণ বিকাশ চাকমার স্ত্রী সুবর্ণা চাকমা (৩৫), রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকার আরিফুল (১৮) ও অটোরিকশার চালক আনোয়ার হোসেন (২২)।আহত ব্যক্তিরা জানান, সকালে চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে অটোরিকশা ভাড়া করে তাঁরা রাঙামাটির উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে ফুরামোন পাহাড়ের মোড়ে বিপরীত দিক থেকে আসা খালি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি কয়েক ফুট দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই টিটু দে ও শিশু বিথিকা চাকমা মারা যায়। গুরুতর আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর পূর্ণ বিকাশ চাকমা মারা যান।এদিকে ঘটনার পরই সেনাবাহিনীর ঘাগড়া ক্যাম্পের সেনাসদস্যরা ট্রাক ও চালককে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।