রাঙামাটিতে সড়ক-নৌপথ অবরোধ চলছে, একজন গুলিবিদ্ধ
রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে আজ সোমবার সকাল থেকে সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। অবরোধ চলাকালে সকাল নয়টার দিকে পিকেটারদের গুলিতে একজন গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ পারভেজ (২১)। বরকল উপজেলার নাড়াইছড়িতে প্রতিদ্বন্দ্বী গ্রুপের হামলায় তাদের চারজন কর্মী নিহত হওয়ার প্রতিবাদে ইউপিডিএফ আজ সকাল-সন্ধ্যা ওই অবরোধের ডাক দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ পারভেজ আজ সকালে সিএনজি অটোরিকশা রিজার্ভ করে ব্যবসায়িক কাজে চট্টগ্রাম থেকে রাঙামাটি যাচ্ছিলেন। রাঙামাটি থানার ঘাগরা ইউনিয়নে পৌঁছালে ইউপিডিএফের পিকেটাররা সিএনজি অটোরিকশাটিকে থামার সংকেত দেয়। চালক তা অমান্য করলে পিকেটাররা পেছন থেকে গুলি করে। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় পারভেজকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) লুত্ফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।