রাঙামাটিতে হরতাল, ১০ বাড়িতে আগুন
রাঙামাটি জেলায় আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল চলাকালে কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়।জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে ছাত্রদলের দুই নেতাকে হত্যার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। তবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বহনকারী যানবাহন হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী পশ্চিম সোনাইছড়ি নতুন বাজার এলাকায় প্রায় ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কে বা কারা আগুন দিয়েছে, এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না। কাউখালী উপজেলা চেয়ারম্যান অং শা প্রু ছাত্রদলের দুই নেতার হত্যাকাণ্ডের বিষয়টি রাজনৈতিক নয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, অন্তর্দ্বন্দ্বের জের ধরে ওই দুই নেতা খুন হয়ে থাকতে পারেন। তিনি পশ্চিম সোনাইছড়ি নতুন বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। শহর ঘুরে দেখা যায়, সকাল থেকে রাঙামাটিতে যানবাহন চলাচল বন্ধ। সড়ক ও নৌপথে দূরপাল্লার যানবাহন চলছে না। দোকানপাট বন্ধ। শহরের বিভিন্ন স্থানে ছাত্রদল, যুবদল ও বিএনপির কর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।গত সোমবার রাতে চিংকাই মারমা ও পাইচি খৈ মারমা নামে ছাত্রদলের দুই নেতার ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত্যু হয়। ছাত্রদল এ হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের দায়ী করে। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।