রাঙামাটিতে হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি প্রাথমিক শিক্ষা ইনস্টিটিউট (পিটিআই) হোস্টেলের ডাইনিংয়ের খাবার খেয়ে অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অসুস্থ হয়ে পড়েছেন। আজ শনিবার দুপুরের খাবার খাওয়ার পর এ ঘটনা ঘটে। খাদ্যে বিষক্রিয়া থেকে এমনটা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।আহত ব্যক্তিদের মধ্যে আবদুর রাজ্জাক ও শরবিন্দু চাকমা নামে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।প্রশিক্ষণার্থী সূত্রে জানা গেছে, আজ ক্লাস শেষে প্রশিক্ষণার্থীরা দুপুর তিনটার দিকে হোস্টেলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে বসেন। খাওয়ার পরপরই প্রশিক্ষণার্থীদের মাথা ঘোরা, পেটব্যথা শুরু হয়। এ সময় অনেকেই বমি করতে থাকেন। খবর পেয়ে অন্যান্য প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক তাঁদের হাসপাতালে নিয়ে যান।রাঙামাটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্নেহ কুমার চাকমা জানান, আবদুর রাজ্জাক ও শরবিন্দু চাকমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা এখন আশঙ্কামুক্ত।রাঙামাটি প্রাথমিক শিক্ষা ইনস্টিটিউটের প্রশিক্ষক সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাইনিংয়ের খাদ্য থেকেই এ বিষক্রিয়া হতে পারে বলে তাঁরা ধারণা করছেন। খাবারগুলো পরীক্ষা করে দেখা হবে। তখন বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।