রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত, চিকিৎসকদের কর্মবিরতি, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি-বাঙালি সংঘর্ষের পর গত শনিবার রাঙামাটি শহরে জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে প্রশাসন। এ ছাড়া ওই ঘটনার প্রতিবাদে গতকাল রোববার জেলার নানিয়ারচর উপজেলা সদরে বাঙালি ও আদিবাসীরা একই সঙ্গে সমাবেশ ডাকায় গতকাল সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।এদিকে, শনিবার রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুশোভন দেওয়ানের ওপর হামলার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে জেলার সব সরকারি-বেসরকারি হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাঙামাটি জেলা। এ ছাড়া শনিবারের ঘটনার প্রতিবাদে গতকাল খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে আদিবাসীদের কয়েকটি সংগঠন।গতকাল বেলা ১১টার দিকে রাঙামাটি শহরের স্টেডিয়াম এলাকায় কয়েকজন বাঙালি যুবক দীনেশ তঞ্চঙ্গ্যা (১৯) নামের এক তরুণকে মারধর করেন। পরে দীনেশকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া হাসপাতাল এলাকার কিছু তরুণ পার্শ্ববর্তী কালিন্দীপুর এলাকায় কয়েকবার হামলার চেষ্টা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সাড়ে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যাওয়ার পর উত্তেজনা কমে আসে।গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করে জানানো, রাঙামাটি শহরে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম চৌধুরী জানান, শনিবারের ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।নানিয়ারচরে ১৪৪ ধারা: শনিবারের ঘটনার প্রতিবাদে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ও বাঙালিরা গতকাল নানিয়ারচরে সমাবেশের ডাক দেয়। এ নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় প্রশাসন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে।নানিয়ারচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহাবুবুল আলম গতকাল সন্ধ্যায় জানান, সন্ধ্যা ছয়টায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।চিকিৎসকদের কর্মবিরতি: শনিবার স্বাস্থ্য কর্মকর্তা সুশোভন দেওয়ানের ওপর হামলা ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাঙামাটি জেলা শাখার ডাকে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন জেলার সব সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা।রাঙামাটি জেলার ডেপুটি সিভিল সার্জন স্নেহকান্তি চাকমা জানান, সুশোভন দেওয়ান চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক। তাঁর মাথা, হাত, পাসহ সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। উন্নত চিকিৎসা দেওয়া না হলে তাঁর একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে।বিএমএ রাঙামাটি জেলা সভাপতি উদয় শংকর দেওয়ান প্রথম আলোকে বলেন, সুশোভন দেওয়ানকে দেশে অথবা বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।খাগড়াছড়িতে বিক্ষোভ: রাঙামাটি শহরে পাহাড়িদের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে গতকাল সকালে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি স্বনির্ভর বাজার থেকে শুরু হয়ে সদর উপজেলা পরিষদ, চেঙ্গী স্কয়ার, খাগড়াছড়ি গেট ও শান্তিনিকেতন হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলের পর অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইউপিডিএফের জেলা সংগঠক রিকো চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যচিং মারমা, চন্দ্র দেব চাকমা প্রমুখ।দুই আঞ্চলিক দলের নিন্দা ও প্রতিবাদ: আদিবাসীদের ওপর হামলার অভিযোগ তুলে ঘটনার নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউপিডিএফ। গতকাল পৃথক বিবৃতিতে ওই ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা এবং ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা শাখার সোনামুনি চাকমা।