রাঙামাটিতে ২৩ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার বিচারকাজ আগামী ১৯ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। ওই দিনই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।একই সঙ্গে আদালত ২৩ জওয়ানের মধ্যে ইউনিটে থাকা ১০ জওয়ানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় বিডিআরের রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এ এই বিচার শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়।আজ অভিযুক্ত ২৩ জওয়ানকে আদালতে হাজির করা হয়। আদালতে বিচারকাজের শুরুতেই প্রসিকিউটর লে. কর্নেল মেহেদী হাসান ওই দিনের ঘটনা বিস্তারিত বর্ণনা দিয়ে অভিযোগ গঠনের আবেদন জানান। পরে আসামিদের প্রত্যেককে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শুনানো হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল জাহেদুর রহমান। অন্য সদস্যরা ছিলেন লে. কর্নেল আবদুন নূর, মেজর গোলাম মোস্তফা আল মামুন ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ইজাহারুল হক আকন্দ।গতকাল রোববার এই ২৩ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন মামলার বাদী ১৮ ব্যাটালিয়নের নায়েব সুবেদার সৈয়দ সাদত লোহানী। তিনি আসামিদের বিরুদ্ধে পিলখানা বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি, বেআইনি আদেশ-নির্দেশ প্রদান, দরজার তালা ভেঙে গোলাগুলি নেওয়া ইত্যাদি অভিযোগ উত্থাপন করেন।এরপর কৌঁসুলি লে. কর্নেল মো. মেহেদী হাসান একই অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ আমলে নিয়ে আদালতের সভাপতি ২৩ জন আসামিকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। আসামিদের ১৩ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রাঙামাটি জেলা কারাগারে এবং অপর ১০ জন ইউনিটে ছিলেন। আজ এই ২৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।