বিডিআর বিদ্রোহ মামলায় রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৪ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ বিকেল সোয়া পাঁচটার দিকে শেষ হয়েছে। একই সঙ্গে কাল মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে।আজ সোমবার সকাল নয়টা থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত বিডিআরের রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ ১০ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন এবং সিপাহী ফাইজুল ইসলাম ও সিপাহী মনজুর হোসেন নামে দুজন আসামি তাঁদের দোষ স্বীকার করেন।আদালতে সভাপতিত্ব করছেন বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল জাহেদুর রহমান। আদালতের অন্য সদস্যরা হলেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মো. ইজারুল হক আকন্দ, বিডিআরের কর্মকর্তা লে. কর্নেল সাঈদ সাকলাইন ও মেজর আ জ ম গোলাম মোস্তফা। সরকারি কৌঁসুলি হিসেবে ছিলেন ৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুনির হোসেন। বিশেষ কৌঁসুলি হিসেবে তাঁকে সহায়তা করছেন গাজী জিল্লুর রহমান ও আমিনুর রহমান খান।এর আগে গত বছরের বছরের ৪ মে এ মামলায় অষ্টম কার্যদিবস পর্যন্ত ২৫ জনসহ আজ মোট ৩৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। এ মামলার মোট আসামি ৭৫ জওয়ানের মধ্যে একজন রাঙামাটি কারাগারে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।