রাঙামাটিতে ৯৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা
রাঙামাটির ছোটহরিণা ১৮ ও মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ৯৫ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫ গতকাল শনিবার এ রায় দেন।আদালতে বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন বিজিবির চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাহেদুর রহমান। অন্য সদস্যরা হলেন বিজিবি কর্মকর্তা লে. কর্নেল সাঈদ সাকলাইন ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মো. ইজারুল হক আকন্দ।কৌঁসুলি ছিলেন ছোটহরিণা ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ও মারিশ্যা ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুনির হোসেন।বরকল উপজেলার ছোটহরিণা ১৮ বিজিবি ব্যাটালিয়নের মামলায় গতকাল সকালে বিশেষ আদালত ২৩ আসামির মধ্যে ২১ জনকে সর্বোচ্চ সাত বছর ও সর্বনিম্ন দুই বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেন।সুবেদার মেজর মো. শাহ আলম দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় এবং হাবিলদার সহকারী সেলিম রেজার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দেন।সাত বছর সাজা পাওয়া আসামিরা হলেন: নায়েক মো. হাবিবুর রহমান, ল্যান্স নায়েক মো. মমিনুর রহমান, সিপাহি কামরুজ্জামান, সিপাহি মো. শাহীন আহমেদ, নায়েক সিগন্যাল মো. আবদুল হক, নায়েক সহকারী মো. জাকির হোসেন, ল্যান্স নায়েক সহকারী কাজী এনামুল হক ও সিপাহি মো. মিজানুর রহমান। এ ছাড়া ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাঙামাটিসহ বিভিন্ন স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন। ছোটহরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নের ঘটনায় ২৩ সদস্যের বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রম শুরু হয় গত বছরের ৭ নভেম্বর।একই আদালত দুপুরে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ৯ বিজিবি ব্যাটালিয়নের ৭৫ জন আসামির বিরুদ্ধে করা মামলায় ৭৪ জনকে সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন চার মাস সশ্রম কারাদণ্ডাদেশ দেন। গত বছরের (২০১০) ২৮ আগস্ট বিচারাধীন অবস্থায় হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যাওয়া আসামি সিপাহি মোহাম্মদ আসাদুল হককে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। সাত বছর সাজা পাওয়া জওয়ানেরা হলেন: সুবেদার মো. সারওয়ার্দী, নায়েব সুবেদার সহকারী মো. দেলোয়ার হোসেন, হাবিলদার বুলবুল আহমেদ, হাবিলদার মো. আবুল মোতালেব, ল্যান্স নায়েক আবুল ফজল ও সিপাহি সঞ্জীব রায়। এ ছাড়া একজনকে ছয় বছর নয় মাস, পাঁচজনকে ছয় বছর ছয় মাস, ছয়জনকে ছয় বছর, ১২ জনকে পাঁচ বছর, পাঁচজনকে চার বছর ছয় মাস, একজনকে চার বছর তিন মাস, ১২ জনকে চার বছর, দুজনকে তিন বছর ছয় মাস, একজনকে তিন বছর তিন মাস, সাতজনকে তিন বছর, একজনকে দুই বছর নয় মাস, চারজনকে দুই বছর ছয় মাস, একজনকে দুই বছর, দুজনকে এক বছর ছয় মাস, চারজনকে এক বছর তিন মাস, দুজনকে ছয় মাস ও দুজনকে চার মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ মামলার বিচারকাজ শুরু হয় ২০০৯ সালের ৩০ ডিসেম্বর।