রাঙামাটিতে ৯৫ জনের সাজা, দুজন বেকসুর খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণার ১৮ এবং বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের মোট ৯৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এ ছাড়া দুজন বেকসুর খালাস পেয়েছেন এবং মৃত্যুর কারণে একজন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।সাজা পাওয়া আসামিদের মধ্যে সর্বোচ্চ সাত বছর থেকে সর্বনিম্ন চার মাসের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এ আজ শনিবার দুই ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হয়।বিশেষ আদালত-১৫-এ সভাপতিত্ব করেন বিজিবির চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাহেদুর রহমান। আদালতের অন্য সদস্যরা হলেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মো. ইজারুল হক আকন্দ, বিজিবি কর্মকর্তা লে. কর্নেল সাঈদ সাকলাইন ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন। সরকারি কৌঁসুলি ছিলেন ছোটহরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ও মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুনির হোসেন। তাঁদের সহায়তা করেন বিশেষ কৌঁসুলি সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী জিল্লুর রহমান ও আমিনুর রহমান।ছোটহরিণা ১৮ ব্যাটালিয়নের মামলায় ২৩ আসামির মধ্যে আদালত সুবেদার মেজর মো. শাহ আলমকে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় এবং হাবিলদার সহকারী সেলিম রেজার বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় বেকসুর খালাস দেন। অপর ২১ জন আসামিকে সর্বোচ্চ সাত বছর ও সর্বনিম্ন দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।একই আদালতে রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৫ জন আসামির বিরুদ্ধে করা মামলায় ৭৪ জনকে সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন চার মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আসামি সিপাহী মোহাম্মদ আসাদুল হক বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় মামলা থেকে অব্যাহতি পান।আদালত ৭৪ জন আসামির মধ্যে ছয়জনকে সর্বোচ্চ সাত বছর, একজনকে ছয় বছর নয় মাস, পাঁচজনকে ছয় বছর ছয় মাস, ছয়জনকে ছয় বছর, ১২ জনকে পাঁচ বছর, পাঁচজনকে চার বছর ছয় মাস, একজনকে চার বছর তিন মাস, ১২ জনকে চার বছর, দুজনকে তিন বছর ছয় মাস, একজনকে তিন বছর তিন মাস, সাতজনকে তিন বছর, একজনকে দুই বছর নয় মাস, চারজনকে দুই বছর ছয় মাস, একজনকে দুই বছর, দুজনকে এক বছর ছয় মাস, চারজনকে এক বছর তিন মাস, দুজনকে ছয় মাস ও দুইজনকে চার মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।