রাঙামাটির পথে পথে চাঁদাবাজি
চাঁদাবাজির কারণে ক্ষুব্ধ ও বিরক্ত রাঙামাটির মানুষ। ছোট-বড় কোনো ব্যবসায়ীই চাঁদা না দিয়ে ব্যবসা করতে পারছেন না। চাঁদাবাজিকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনাও ঘটছে।সর্বস্তরের ব্যসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি সংস্থা, ক্ষমতাসীন দলের লোক, জনসংহতি সমিতির (জেএএস) দুই পক্ষ ও তাদের বিপক্ষের দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)—সবাই নিয়মিত চাঁদা নিচ্ছে।কথা হলো চাঁদাবাজির শিকার কাঠের আসবাবপত্র বিক্রেতা আমির আলীর সঙ্গে। কোথায় কত টাকা দিতে হয়, হিসাব তাঁর মুখস্থ। বললেন, এক সেট আসবাবপত্রের (ফার্নিচার) জন্য রাঙামাটির মানিকছড়িতে বন বিভাগের চেকপোস্টে চাঁদা দিতে হয় ১০০ টাকা, ঘাগড়ায় ১৫০, রাবার বাগানে ৫০, রাউজানে ১৫০ ও হাটহাজারিতে ১৫০ টাকা। এরপর আছে চট্টগ্রামের কাটা পাহাড়ে ট্রাকপ্রতি দুই হাজার টাকা, রাণীরহাটে ২০০, মাদামবিবিতে ১৫০, ফৌজদারহাটে ২০০, মেঘনাঘাটে ১৫০ টাকা। পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর নামে পথে পথে চাঁদাবাজি তো আছেই।আমির আলীর মতে, সব মিলিয়ে এক ট্রাকের জন্য চাঁদা দিতে হয় কমপক্ষে ৯০ হাজার টাকা। কথা বলার সময় পাশে দাঁড়িয়ে ছিলেন ট্রাকচালক হাবিবুর রহমান। তিনি বললেন, রাঙামাটি সীমানা পার হতে পাঁচবার গাড়ি থামায় পুলিশ ও বন বিভাগের লোকজন। চাঁদা না দিলে মালামাল আটক করে অথবা কাগজপত্র নেই বলে রাঙামাটিতে ফেরত পাঠিয়ে দেয়।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান প্রথম আলোকে বলেন, দল চালাতে চাঁদা নেওয়া যায়। তবে দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা গেল, গত আড়াই বছরে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টার কারণে ৭৫টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সময়ে নিহত হয়েছে ৮৭ জন। এ বছরের আট মাসে ১৮টি গোলাগুলির ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। আর গত দুই মাসেই ৫২ জন অপহূত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। এসব ঘটনার পেছনে রয়েছে চাঁদাবাজি নিয়ে বিরোধ।ইউপিডিএফের মুখপাত্র ও গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা বলেন, ‘আমরা জনগণের চাঁদায় চলি। কিন্তু আমরা চাঁদাবাজি করি না। পাহাড়ে যে সহিংস ঘটনা ঘটছে, সেটা রাজনৈতিক দ্বন্দ্ব।’লেক আর পাহাড়ঘেরা ছোট্ট শহর রাঙামাটির রাস্তায় হাঁটলেই চোখে পড়ে দুই পাশে সারি সারি আসবাবের দোকান। এসব দোকানে তৈরি হচ্ছে দামি সেগুন কাঠের চোখধাঁধানো সব আসবাব। প্রতিটি দোকানেই রয়েছে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের আসবাবপত্রের ক্যাটালগ।কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের হিসাবমতে, শুধু রাঙামাটি শহরেই এমন ৩০০ দোকান আছে। কিন্তু প্রশ্ন হলো, এত দোকান কেন? এত আসবাব কেনে কারা? এই প্রশ্নের জবাব মিলল আসবাবপত্র ব্যবসায়ী সোলায়মান হোসেনের কাছে। তিনি বললেন, ঢাকার বড় বড় ব্যবসায়ী প্রতিনিয়ত এখান থেকে মূল্যবান কাঠ আর আসবাবপত্র নিয়ে যাচ্ছেন।পার্বত্য এলাকা থেকে এভাবে কাঠ ও আসবাব নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এসব নেওয়ার নিয়ম নেই। খোঁজ নিয়ে জানা গেল, বদলি অথবা ব্যবহূত আসবাবের অজুহাত দেখিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা অনুমতি দেন। প্রতিটি আসবাবের জন্য তাঁরা ‘উপরি’ও আদায় করেন।বন বিভাগের কর্তাব্যক্তিরা নিজের মুখে এসব স্বীকার করলেও নাম প্রকাশ করতে চাননি। রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক রিজাউল শিকদার প্রথম আলোকে বলেন, ‘চাঁদাবাজি হতে পারে, তবে সেটা আমার জানা নেই।’নাম প্রকাশে অনিচ্ছুক এক কাঠ ব্যবসায়ী বলেন, আসবাবের চোরাই কাঠের ব্যবসা রাঙামাটিতে সবচেয়ে জমজমাট। ক্ষমতাসীন দলের অনেক নেতা এই ব্যবসা থেকে চাঁদাবাজি করছেন। জাহাঙ্গীর নামের একজন কাঠ ব্যবসায়ী বলেন, জেএসএসের কর্মীরা সম্প্রতি ব্যবসায়ীদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তা দেওয়া না হলে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কাঠ আহরণ ও পরিবহনে বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়। প্রতিবাদে ব্যবসায়ীরা ১৫ দিন কাঠ কেনাবেচা বন্ধ রাখেন।জানতে চাইলে রাঙামাটি স-মিল মালিক সমিতির নেতা মোস্তফা আহমেদ চৌধুরী বলেন, রাঙামাটিতে ১৫টি স-মিল আছে, প্রতিটি মিলকে নির্ধারিত চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে হুমকি দিয়ে কাঠ সরবরাহ বন্ধ করা হয়।জেলার গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির দুই পক্ষ ও ইউপিডিএফের সদস্যরা গত বছর প্রায় ২৫ কোটি টাকা চাঁদাবাজি করেছেন। এসব চাঁদাবাজির ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান, মাছ ধরার নৌকা, মৌসুমি ফলমূল, কাঠ, বাঁশ, করাতকল, বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ও নৌপথের বিভিন্ন যানবাহন।জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জনসংহতি সমিতির নাম ব্যবহার করে চাঁদাবাজি করা হতে পারে। তবে জনসংহতি সমিতি জড়িত নয়। যারা চাঁদাবাজি করে, তাদের ধরা হোক। আমরা সব সময় চাঁদাবাজির বিপক্ষে।’পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল বলেন, ব্যবসা-বাণিজ্য করলেই চাঁদা দিতে হবে। তবে আগে যেমন কথাবার্তা বলে চাঁদার পরিমাণ কমানো যেত, এখন আর তা হয় না। এখন চাঁদা দিতে হয় কোনো কাজের জন্য নির্ধারিত ব্যয়ের শতাংশ হিসাবে। এখন সাধারণ বাঙালিরাও চাঁদাবাজির শিকার হচ্ছে, যা আগে ছিল না।রাঙামাটি শহরে কোনো রিকশা নেই। এখানে অটোরিকশা হলো চলাচলের একমাত্র ভরসা। এই শহরে প্রায় এক হাজার অটোরিকশা আছে। আবদুস সালাম নামের এক অটোচালক চাঁদার একটি রসিদ দেখিয়ে বললেন, এক বছরে প্রতিটি অটোর জন্য জেএসএসকে ৭০০ টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে জেএসএসের সদস্যরা রিকশা চালাতে দেন না।রাঙামাটি থেকে ছয়টি উপজেলার যোগাযোগের একমাত্র পথ হলো লঞ্চ। প্রতিদিন পাঁচটি রুটে ৫০টি যাত্রিবাহী লঞ্চ চলাচল করে। প্রতিটি লঞ্চকে বাৎসরিক চাঁদা দিতে হয়।লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম হায়দার এসব অভিযোগ স্বীকার করে বলেন, পাহাড়ের সঙ্গে যেসব লঞ্চ চলাচল করে, তাদের নিয়মিত চাঁদা দিতে হয়। এসব চাঁদাবাজিতে কোনো রাখঢাক নেই। সবকিছু হচ্ছে প্রকাশ্যে।সূত্র জানায়, দেশে মিঠা পানির মাছের একটি বড় উৎস হলো কাপ্তাই লেক। প্রতিদিন মণ মণ মাছ এই লেক থেকে ধরে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এ জন্য শতাধিক মাছের আড়ত গড়ে উঠেছে রাঙামাটি, কাপ্তাই ও মহালছড়িতে।মাছ ব্যবসায়ী সমিতির নেতা হাবিবুর রহমান বললেন, মাছ ব্যবসার জন্য বাৎসরিক চাঁদা ধার্য করে দেওয়া হয়েছে। না দিলে ব্যবসা বন্ধ হয়ে যাবে।পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাস-চাঁদাবাজি সম্পর্কে সরকারের অবস্থান জানতে চাইলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, ‘আমাদের দলের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেলে শাস্তির ব্যবস্থা করব।’জেলা পুলিশ সুপার মাসুদ উল ইসলাম বললেন, সারা দেশের চিত্রের সঙ্গে এখানকার অবস্থার মিল নেই। পাহাড়ে চাঁদাবাজি ও অপহরণের ঘটনা হচ্ছে। এ অঞ্চলের মানুষ এ থেকে কীভাবে মুক্তি পাবে, সেটাই এখন ভাবনার বিষয়।