রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষ নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ির কয়েকটি এলাকায় গতকাল শুক্রবার রাত থেকে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এ সময় দুই পক্ষের ১১টি গ্রামের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানায়, ২৪ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষ চার কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা সেখানে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। গতকাল শুক্রবার রাতে সেখানে বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তবে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়নি। এ ব্যাপারে রাঙামাটি পুলিশ সুপার মাসুদুল হক প্রথম আলোকে জানান, ভূমি নিয়ে বিরোধের জের ধরে সেনাবাহিনী ও পাহাড়িদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন বলে তিনি নিশ্চিত হয়েছেন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে নিরাপত্তারক্ষীরা গেছে বলে তিনি জানান।এদিকে এ ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে আদিবাসীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাহাড়ি-বাঙালি মুখোমুখি অবস্থানের কারণে রাঙামাটি জেলার বাঘাইছড়িতে ১৪৪ ধারা জারি করে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।এদিকে গুলিবর্ষণের প্রতিবাদে আগামী সোমবার রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক ও নৌপথে অবরোধ ডেকেছে পাহাড়ি সংগঠন জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিললস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।এর আগে বাঙালি ছাত্র পরিষদ ও পাহাড়ি ছাত্র পরিষদ দুই সংগঠনই দুপুরে বাঘাইহাট উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ডাকে। তবে ১৪৪ ধারা জারি করায় সে কর্মসূচি পণ্ড হয়ে যায়।আদিবাসীদের দাবি অনুযায়ী নিহত ব্যক্তিরা হলেন গোলকমাছড়া গ্রামের নতুনজয় চাকমা (৩২), চামিনিছড়ার শান্তশীল চাকমা (২৭), লাঙল মারার দেবেন্দ্র চাকমা (৪৩) ও গঙ্গারামমুখের বনশান্তি চাকমা (২৩)। এ ছাড়া আহত দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় চাকমা (২৪) ও ভারত জ্যোতি চাকমা (২৭)।