রাঙামাটির লংগদুতে অস্ত্রসহ তিন ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নের করল্যাছড়ি মহাজন পাড়া থেকে সেনাবাহিনী গতকাল সোমবার রাতে তিনজনকে আটক করেছে। তাঁদের কাছ থেকে আট রাউন্ড গুলিসহ একটি শাটারগান ও নগদ টাকা উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকালে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার উদলবাগান এলাকার রুবেল চাকমা (৩৮), রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা এলাকার কালাবরণ চাকমা (২৮) এবং লংগদু উপজেলার করল্যাছড়ি এলাকার নয়ন চাকমা (৪২)। এঁরা সবাই জনসংহতি সমিতির সন্তু লারমাবিরোধী পক্ষের সদস্য বলে সেনা সূত্র জানিয়েছে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী গতকাল রাত ১১টার দিকে আটরকছড়া ইউনিয়নের মহাজন পাড়ায় অভিযান চালিয়ে রুবেল, কালাবরণ ও নয়নকে অস্ত্রসহ আটক করে। যোগাযোগ করা হলে সংস্কারপন্থী হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) পক্ষের ও রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা বলেন, এ ধরনের কোনো সশস্ত্র দল আমাদের দলের সঙ্গে জড়িত নয়। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।