রাঙামাটির সহিংস ঘটনা পরিকল্পিত: ককাস
রাঙামাটিতে ঘটে যাওয়া সহিংস দাঙ্গার সূত্রপাত তুচ্ছ কোনো ঘটনা থেকে হয়নি। পরিকল্পিতভাবে তা ঘটানো হয়েছে। এই সহিংসতা দেশের অন্যান্য জায়গায়ও ছড়িয়ে যেতে পারে। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার সাংসদদের সতর্ক থাকতে হবে। ‘আদিবাসী ইস্যুতে সাংসদ সদস্যদের অধিকতর সম্পৃক্তকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় আজ সোমবার বক্তারা এসব কথা বলেন। সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার আয়োজন করে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস। সংসদীয় ককাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টির তদন্ত করবে। তারা সরকারের কাছেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংসদীয় ককাসের টেকনিক্যাল কমিটির সদস্য সঞ্জীব দ্রং। তিনি বলেন, সংবিধানের কথা বলে আদিবাসীদের এগিয়ে নেওয়া সম্ভব নয়। আদিবাসীদের আলাদা জগত্, বৈচিত্র্য ও প্রথাগত অধিকারে রাষ্ট্রীয় স্বীকৃতি থাকতে হবে। আদিবাসীদের মনে এমন ধারণার জন্ম দেওয়া যাবে না, যাতে তারা মনে করে যে তারা অন্যের দ্বারা শাসিত হচ্ছে।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সংবিধান ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছে। আইনের দৃষ্টিতে তারা সমান অধিকারের দাবিদার। আদিবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিদ্যমান যেসব আইনে সমস্যা আছে, সেগুলোতে প্রয়োজনে সংশোধনী আনতে হবে। এ ব্যাপারে সাংসদেরা ভূমিকা রাখতে পারেন। ককাসের আহ্বায়ক রাশেদ খান মেনন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির সহিংস ঘটনা ঘটেনি। একে ছাত্রদের ঝগড়া বলে চালিয়ে দেওয়া যাবে না। পরিকল্পিতভাবে এটি ঘটানো হয়েছে। আদিবাসী নেতা সন্তু লারমার বাসভবনে হামলা চালানো হয়েছে। এর সঙ্গে নিরাপত্তা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সম্পৃক্ততা আছে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমির সমস্যা যখন সমাধানের পথে, তখন এ ধরনের ঘটনা বিশেষ ইঙ্গিত বহন করে। সাম্প্রদায়িক এই বিভাজন সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে জয়পুরহাটে এ ধরনের ঘটনা ঘটেছে। ঘটনা যাতে বেশি দূর এগোতে না পারে, সে ব্যাপারে সাংসদদের ভূমিকা রাখতে হবে। নইলে ভোটের পাল্লা পাল্টে যেতে পারে। ফজলে হোসেন বাদশা বলেন, রাঙামাটির ঘটনা সরকারের রাজনৈতিক ব্যর্থতা। এ সমস্যা দেশে নতুন করে আরও সমস্যা তৈরি করবে। আদিবাসীদের অধিকার দিতে হলে আইনের বাস্তবায়ন ঘটাতে হবে। কিন্তু বর্তমানে প্রশাসনের লোকজন আদিবাসীদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন না।তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, রাঙামাটিতে সন্ত্রাসীরা কালো কাপড়ে মুখ বেঁধে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে সন্ত্রাস করেছে। একে তুচ্ছ ঘটনা বলা যাবে না। সংঘাত এড়ানোর জন্য আদিবাসীদের নিজেদের ভেতরের দ্বন্দ্বও নিরসন করতে হবে। সাংসদ হাবিবুন নাহার বলেন, আদিবাসীদের উন্নয়নে আইন হচ্ছে। এসব আইন বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সমন্বয়ক মেসবাহ কামাল বলেন, রাষ্ট্র নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি বিবেচনা করে; মানবাধিকারের বিষয়টি বিবেচনায় নিচ্ছে না, যে কারণে সমস্যার সমাধান হচ্ছে না। রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সাংসদ নওয়াব আবু আব্বাছ খান, এশিয়া ফাউন্ডেশনের পরিচালক তাসনীম শীলা হক প্রমুখ।