তদন্ত কমিটির প্রতিবেদন পেশ : দুজন উপজাতি ও ৭ জন অ-উপজাতি ঘটনার সঙ্গে জড়িত
রাঙামাটির সহিংসতায় নয়জনকে শনাক্ত
রাঙামাটিতে সংঘটিত সহিংসতায় হামলা ও গুজব রটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে এক ছাত্রসহ নয়জনকে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। গত ২২ সেপ্টেম্বর রাঙামাটি সরকারি কলেজ ও শহরে সংঘটিত ঘটনা তদন্তে রাঙামাটি জেলা প্রশাসন এ কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, রাঙামাটি শহরে সংঘটিত সংঘর্ষে কারা জড়িত ছিল এবং কারা গুজব ছড়িয়েছে, তদন্তে সাক্ষ্য-প্রমাণে তাদের অনেককে চিহ্নিত করা যায়নি। সাক্ষ্য-প্রমাণে যাঁরা চিহ্নিত হয়েছেন, তাঁরা হলেন: রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সুশোভন দেওয়ানের ওপর হামলায় জড়িত শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার মৃত মুজিবুল হকের ছেলে ফরহাদ (২৫), জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিউ মার্কেট এলাকায় হামলাকারীদের মধ্যে মোহামঞ্চদপুর হ্যাপির মোড়ের ফরিদের ছেলে হাসান (২৩), জেলা পরিষদ কার্যালয় এলাকার মো. আবদুল হাকিমের ছেলে ফরিদুল ইসলাম (৪২), মোহামঞ্চদপুরের মো. ফারুকের ছেলে মো. মানিক (২৮), কাঁঠালতলী এলাকার নুরুল ইসলামের ছেলে শাহ আলম (৪২), ভেদভেদী পোস্ট অফিস কলোনির মকবুল আহমদের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও রাঙামাটি সরকারি কলেজের বিজ্ঞান শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র দক্ষিণ কালিন্দীপুরের প্রগতি চাকমার ছেলে ইমন চাকমা। এ ছাড়া গুজব রটনায় জড়িত ছিলেন রাজমণিপাড়ার করুণাময় চাকমার ছেলে বিদ্যুৎ চাকমা ও একই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে মো. সুলতান।গত রোববার তদন্ত প্রতিবেদন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তাফা কামালের কাছে জমা দেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। প্রতিবেদনের দুটি অংশে রাঙামাটি সরকারি কলেজ ও রাঙামাটি শহরে সংঘটিত ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহামঞ্চদ মোস্তাফিজুর রহমানকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন: অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হাবিবুর রহমান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা। মুহামঞ্চদ মোস্তাফিজুর রহমান প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়সহ জনপ্রতিনিধি, সামরিক-বেসামরিক ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন তদন্ত কমিটির সদস্যরা। পাশাপাশি হামলায় আহত ব্যক্তি এবং কলেজশিক্ষক, ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতা, পুলিশ ও নির্বাহী হাকিমদের সঙ্গেও কথা বলা হয়েছে। ঘটনার সূত্রপাত: তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২২ সেপ্টেম্বর রাঙামাটি সরকারি কলেজের ২১০ নম্বর কক্ষে উদ্ভিদবিজ্ঞান একাদশ শ্রেণীর পাঠদান কার্যক্রম শুরু হয় সকাল ১০টায়। ওই দিন শ্রেণীশিক্ষক ছিলেন সমীর কুমার নাথ। শ্রেণীকক্ষে প্রথম দিকের বেঞ্চে একজন অপরিচিত অ-উপজাতীয় (বাঙালি) লোক বসা ছিল, যাকে ছাত্রছাত্রী এবং শিক্ষক কেউ চিনতে পারেননি। কিছুক্ষণ পর কালোমতো দুজন অ-উপজাতীয় লোক এসে ওই লোকটিকে বের হতে বললে সংশ্লিষ্ট শিক্ষক কালোমতো ওই দুজনকে পরে আসতে বলেন। কিন্তু লোক দুজনের সঙ্গে বেঞ্চে বসা অপরিচিত লোকটিও চলে যায়। কিছুক্ষণ পর চেয়ারের ভাঙা পায়া, লাঠিসোঁটা হাতে ১৫-১৬ জন অ-উপজাতীয় লোক উপজাতীয় ছাত্রছাত্রীদের আক্রমণ করে। ছাত্রছাত্রীরা কেউ কেউ আহত হয়। অন্যরা দৌড়ে চলে যায়। ওই সময় গুজব রটে, পাশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) উপজাতীয় ছাত্ররা অ-উপজাতীয় ছাত্রদের আক্রমণ করেছে। ফলে ১০০ থেকে ১৫০ জন অ-উপজাতীয় ছাত্র কলেজ থেকে বের হয়ে মূল রাস্তা (চট্টগ্রাম-রাঙামাটি সড়ক) সংলগ্ন ফটকের দিকে যায়। এ সময় কলেজ ভবন ফাঁকা হয়ে গেলে ভবনের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার কিছুক্ষণ পর কলেজের পেছন দিক থেকে উপজাতীয় ছেলেরা কলেজে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কলেজে ঢোকার চেষ্টা করে। এ সময় আহত ছাত্রদের হাসপাতালে নেওয়ার জন্য একজন শিক্ষকের নির্দেশে মূল ভবনের ফটক খুলে দিলে উপজাতীয় ছাত্ররা কলেজে ঢুকে অ-উপজাতীয় ছাত্রছাত্রীদের দা, কিরিচ ও লাঠি দিয়ে মারধর শুরু করে। উপজাতীয় ছাত্রছাত্রীদের আক্রমণে অ-উপজাতীয় আক্রমণকারীরা কলেজ ক্যাম্পাসের বাইরে চলে যায়। এরপর নির্বাহী হাকিম, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপজাতীয় আক্রমণকারীরা পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপতালে পাঠানো হয়। তদন্ত কমিটির অভিমত: প্রতিবেদনে অভিমত দিয়ে বলা হয়, রাঙামাটি সরকারি কলেজের উপজাতীয় ও অ-উপজাতীয় কয়েকজন ছাত্রের মধ্যে সম্প্রতি বাসের আসনে বসাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি দুই সম্প্রদায়ের ছাত্রের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। যার ফলশ্রুতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। কলেজে সংঘটিত ঘটনার খবর মুঠোফোনের বদৌলতে গুজব আকারে রাঙামাটি শহরে ছড়িয়ে পড়ে। তবে সাধারণ ও সামরিক প্রশাসনের কঠোর ও দায়িত্বশীল ভূমিকা এবং সুশীল সমাজের হস্তক্ষেপ সংঘটিত ঘটনাকে বড় আকার ধারণ করতে দেয়নি। ক্ষোভের বহিঃপ্রকাশ: তদন্ত প্রতিবেদনে রাঙামাটি শহরে সংঘটিত বিভিন্ন স্থানের সংঘর্ষের বর্ণনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে সাক্ষাৎ প্রদানকারীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গত ২২ সেপ্টেম্বরের সহিংস ঘটনা অ-উপজাতীয় ও উপজাতীয় ব্যক্তিদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ। অন্যদিকে শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়া, ভূমি বন্দোবস্ত প্রক্রিয়া বন্ধ থাকা এবং কিছু সংগঠনের চাঁদাবাজির কারণে সাধারণ উপজাতীয়রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব নিয়ে তাদের ক্ষোভ রয়েছে। স্বার্থান্বেষী মহল সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য অপচেষ্টা করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সুপারিশ: তদন্ত প্রতিবেদনে প্রতিটি স্তরে বিভিন্ন সুপারিশ করা হয়েছে। এর মধ্যে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অধিকতর তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ, দুই সম্প্রদায়ের মধ্যে মেলামেশা, নিয়মিত যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টিতে উদোগ গ্রহণ, সবার মতামতের ভিত্তিতে পার্বত্য চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন, ভূমি বন্দোবস্ত প্রক্রিয়া চালু এবং দরিদ্র উপজাতীয় ও অ-উপজাতীয় পরিবারগুলোর ভূমির মালিকানা নিশ্চিত করা, পার্বত্য এলাকায় উপজাতীয় এবং অ-উপজাতীয় পুলিশের সমন্বয়ে মিক্সড পুলিশিং ব্যবস্থা চালু করা, এনজিও কার্যক্রমে অ-উপজাতীয়দের অংশগ্রহণের সুযোগ বাড়ানো, পুলিশের জনবল ও লজিস্টিক বাড়ানো, স্পর্শকাতর এলাকাগুলোতে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, রাঙামাটি সরকারি কলেজে পুলিশ ফাঁড়ি স্থাপন, ছাত্রছাত্রীদের পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা, শৃঙ্খলা রক্ষায় কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে আইনশৃঙ্খলা কমিটি গঠন এবং কলেজের একজন পাহাড়ি শিক্ষক ও একজন কর্মচারীর কার্যক্রম পর্যবেক্ষণ করা।