রাঙামাটির সুবলং থেকে ১০ জনকে অপহরণ!
রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের চিলাকডাক এলাকা থেকে গতকাল রোববার ১০ জন মৌসুমি ফল ব্যবসায়ী অপহূত হয়েছেন। পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীরা তাঁদের অপহরণ করেছেন বলে সাধারণ লোকজন অভিযোগ করেছেন। অপহূত ফল ব্যবসায়ীরা হলেন: জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের চকপটিঘাট এলাকার উজ্জ্বলেন্দু চাকমা, রূপম চাকমা, চিল্লো তালুকদার, রেঞ্জার তালুকদার, রমেন চাকমা, সাধন চাকমা, অমর কান্তি চাকমা, এলেন চাকমা, অমরসিং চাকমা ও অজিদত্ত ওরফে কালাইয়ে। অপহূতদের আত্মীয়স্বজন অভিযোগ করেন, অপহূত ব্যক্তিরা একটি ইঞ্জিনচালিত নৌকায় করে জুরাছড়ির চকপটিঘাট থেকে কলাসহ বিভিন্ন মৌসুমি ফল নিয়ে রাঙামাটি আসছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে সুবলং বাজার থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে চিলাকডাক এলাকায় কয়েকজন সশস্ত্র যুবক তাঁদের নৌকা তীরে ভেড়াতে বলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়। মাঝি নৌকাটি তীরে ভেড়ালে অপহরণকারীরা নৌকার পাটাতন ছিদ্র করে দেন। এতে নৌকাটি ডুবে যায়। ১১ জন যাত্রীর মধ্যে অমিয় কান্তি চাকমা (৩০) নামের একজনকে ছেড়ে দেওয়া হয়। অপর ১০ জনকে অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যান তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে দ্বন্দ্বের কারণে প্রায় তিন সপ্তাহ ধরে সুবলং বাজার বন্ধ। সুবলং বাজারে ইউপিডিএফের আধিপত্য থাকায় জনসংহতি সমিতি তাদের লোকজনকে সেখানে যেতে বারণ করে। এ অবস্থায় ইউপিডিএফ স্থানীয় লোকজনকে হুমকি দেয়, সুবলং বাজারে না গেলে আর কোথাও পণ্য বিক্রি করতে পারবে না। এতে চরম আর্থিক ক্ষতির শিকার হতে থাকে সাধারণ লোকজন। অনেকে ঝুঁকি নিয়ে পচনশীল মৌসুমি পণ্য রাঙামাটি আনতে থাকে। যোগাযোগ করলে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা দাবি করেন, অপহরণের ঘটনায় তাঁদের কোনো কর্মী জড়িত নন। সুবলং বাজারে পণ্য বিক্রি না করলে অন্য কোথাও পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞার অভিযোগ সঠিক নয়। তাঁরা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেননি। অন্যদিকে, জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা লোকজনকে সুবলং বাজারে যেতে না দেওয়ার নির্দেশের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘সুবলং বাজারে দীর্ঘদিন ধরে ইউপিডিএফের সন্ত্রাসীরা চাঁদাবাজি করে আসছে। সেই কারণে লোকজন বাজার বর্জন করতে পারে।’ জনসংহতি সমিতি ও ইউপিডিএফের দ্বন্দ্বের কারণে সুবলং বাজার না বসার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাসুদ-উল হাসান। তবে ১০ জনের অপহরণের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। পুলিশ সুপার বলেন, তাঁদের কাছে তিনজনকে অপহরণের খবর আছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।