রাঙ্গুনিয়ায় পিকেটারদের হামলায় এসআই আহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের সুফিগোট্টা এলাকায় আজ মঙ্গলবার পুলিশের ওপর হামলা চালিয়েছে হরতাল-সমর্থকেরা। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) চৈতন্য চাকমা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আট পিকেটারকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আজ সকাল সাতটার দিকে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করতে থাকে বিএনপি-সমর্থিত পিকেটাররা। এ সময় তারা সুফিগোট্টা এলাকায় চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর এবং এক চালককে মারধর করে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে তারা এসআই চৈতন্য চাকমাকে মারধর করে আহত করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আটজন পিকেটারকে আটক করে পুলিশ।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনজুর মোর্শেদ প্রথম আলো ডটকমকে বলেন, এসআই চৈতন্য চাকমাকে চিকিত্সার জন্য রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পিকেটারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে।