রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী ইসমাইল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার থেকে পুলিশ গতকাল শনিবার রাতে ইসমাইল নামের একজনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার সকাল ১০টার দিকে তাঁকে চট্টগ্রাম জেলহাজতে পাঠানো হয়। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানের দাবি, ইসমাইলের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ, অপহরণ ও অস্ত্র আইনে পাঁচটি মামলা রয়েছে। ইসমাইল সরফভাটা ইউনিয়নের আবুল হাশেম সওদাগরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বিগত চারদলীয় জোট সরকারের সময় বিএনপির সাংসদ সাকা চৌধুরীর ছত্রচ্ছায়ায় রাঙ্গুনিয়ায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০০৪ সালের জুলাই মাসে সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজারের ব্যবসায়ী বাচা মিয়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি তিনি। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এ ছাড়া সরফভাটার নেছারউল্লাহ শাহর মাজার দখল ও চাঁদাবাজির মামলায়ও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন তিনি আত্মগোপন করে ছিলেন। তাঁর অবস্থানের খবর পেয়ে গতকাল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।