রাঙ্গুনিয়ায় আ.লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষের কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। উপজেলার ধামাইরহাট বাজারে এ সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় উভয়পক্ষের সাত কর্মী আহত হয়। এ সময় বাজারের নয়টি দোকান ভাঙচুর করা হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজানগর ইউনিয়ন বিএনপির কর্মী রাশেদ, রিপন, সোহেলসহ ছয় থেকে সাতজন গতকাল রাত নয়টার দিকে ধামাইরহাট বাজারের একটি দোকানে চা খেতে যান। এ সময় তাঁরা দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের ফলাফল নিয়ে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে। স্থানীয় সোনারগাঁও ওয়ার্ডের আওয়ামী লীগের কর্মী মো. ফরিদ ও আলমগীর সমালোচনার প্রতিবাদ করলে বিএনপির কর্মীরা তাঁদের কিলঘুষি মারেন। এ খবর ছড়িয়ে পড়লে সোনারগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের ১৫-১৬ জন কর্মী বাজারে এসে লাঠি নিয়ে বিএনপির কর্মীদের ওপর চড়াও হয়। বিএনপির কর্মীরা তখন বাজারের দোকানগুলোতে আশ্রয় নেয়। আওয়ামী লীগের কর্মীরা তাঁদের খুঁজে বের করার নামে নয়টি দোকান ভাঙচুর করেন। একপর্যায়ে দোকান থেকে পালিয়ে যাওয়ার সময় বিএনপির কর্মীদের ধাওয়া করেন আওয়ামী লীগের কর্মীরা। এ সময় ইউসুপ (৪৬) নামের বিএনপির এক কর্মী আহত হন। পরে বিএনপির কর্মীরা শতাধিক লোক নিয়ে দলবদ্ধভাবে বাজারে এসে আওয়ামী লীগ কর্মীদের মারধর করে। উভয়পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় আরও অন্তত ছয়জন আহত হয়। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিএনপির কর্মী রাশেদের দাবি, পৌর নির্বাচনে আওয়ামী লীগের ফলাফল বিপর্যয়ের সমালোচনা করায় প্রতিপক্ষের লোকজন তাঁদের মারধর করেছে।আওয়ামী লীগের কর্মী ফরিদের দাবি, বিএনপির কর্মীরা আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী সম্পর্কে আশালীন মন্তব্য করেছে। এর প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। রাজারহাট পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুখময় চাকমা প্রথম আলোকে দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কেউ মামলা করেনি।