রাঙ্গুনিয়ায় আ.লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাটে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন। গতকাল শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তির নাম রাশেদ মিয়া (৩০)। তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যা সাতটায় ইসলামপুর ইউনিয়ন যুবদলের নেতা মো. ইলিয়াছ বিএনপির সমর্থিত ৫০-৬০ জন নেতা-কর্মী নিয়ে রানীরহাটে রাজানগর ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে আওয়ামী লীগে যোগদানের জন্য শপথ নেন। খবর পেয়ে আওয়ামী লীগের সমর্থক তৌহিদুল ইসলাম তাঁর সহযোগীদের নিয়ে বিএনপির সমর্থকদের এলোপাতাড়ি মারধর করেন। কিরিচের আঘাতে খালেদ নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। রাত নয়টার দিকে মো. ইলিয়াছ প্রায় দেড় শতাধিক সহযোগী নিয়ে রানীরহাটে আওয়ামী লীগের সমর্থকদের ওপর হামলা চালান। এ সময় সাতজন আহত হন। রাঙ্গুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১০টার দিকে মো. ইলিয়াছ, মো. নাসির, মো. নাজিমসহ ১৫-২০ জন বিএনপি-সমর্থক রানীরহাটে আওয়ামী লীগের নেতা কামাল উদ্দিনকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে রাত ১২টায় কামালের ছোট ভাই রাশেদ মিয়া ঘটনাস্থলে গেলে ইলিয়াছ ও তাঁর সহযোগীরা কিরিচ দিয়ে তাঁকে কুপিয়ে ইছামতি নদীতে ফেলে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের জেকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত দেড়টায় রাশেদ মিয়া মারা যান। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মো. ইলিয়াছ বলেন, ‘আগে বিএনপির রাজনীতি করলেও এখন স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগদানের জন্য আমরা পরিবেশ ও বনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি। তাঁর নির্দেশ মোতাবেক শপথও নিই, যার বিরোধিতা করে তৌহিদুল ইসলাম হামলার ঘটনা ঘটায়।’ রাশেদ মিয়াকে কারা মেরেছে, তা তাঁর জানা নেই বলে ইলিয়াছ জানান। তৌহিদুল ইসলাম বলেন, ‘মো. ইলিয়াছ ও তার সহযোগীরা সাকা চৌধুরীর ক্যাডার। এলাকার কামরুল হত্যা মামলার অন্যতম আসামি সে। বিগত জোট সরকারের আমলে সে আমাকে কয়েকবার প্রাণে মারার চেষ্টা করে। মামলা দিয়েও হয়রানি করে। আর নিজের স্বার্থে ব্যবহারের জন্য স্থানীয় আওয়ামী লীগের দুজন নেতা ইন্ধন দিয়ে তাকে আওয়ামী লীগে যোগদানের চেষ্টা করছে। এর বিরোধিতা শুধু আমি নই, এলাকার আওয়ামী লীগের সব নেতাই করছেন। পুলিশের সামনে তারা আমাদের ওপর গুলি করে। অথচ পুলিশ তাদের কাউকে গ্রেপ্তার করেনি। এ সুবাদে তারা রাশেদ মিয়াকে হত্যা করে।’ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ পিপিএম প্রথম আলো ডটকমকে বলেন, বিএনপির সমর্থকদের চোরাগোপ্তা হামলায় রাশেদ মিয়া নিহত হন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।