রাঙ্গুনিয়ায় কালবৈশাখী, ইটভাটা ও ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে টানা পাঁচ ঘণ্টা কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে ইটভাটা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইটভাটার মালিকেরা জানিয়েছেন, ঝড়ের সঙ্গে বৃষ্টিতে বিপুলসংখ্যক কাঁচা ইট গলে ভেসে গেছে। এতে তাঁদের ২৫ কোটি টাকার মত ক্ষতি গুনতে হবে। ঝড়ে ইরি-বোরো ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে।ইটভাটার মালিকেরা জানান, গতকাল রাত নয়টার দিকে রাঙ্গুনিয়ার ওপর দিয়ে হঠাত্ করে কালবৈশাখী ঝড় বইতে থাকে। এ ঝড় রাত তিনটা পর্যন্ত চলে। এ ছাড়া থেমে থেমে আজ শুক্রবার সকাল সাতটা পর্যন্ত বৃষ্টি হয়। এতে উপজেলার ইসলামপুর, রাজানগর, লালানগর, হোছনাবাদ ও কোদালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত প্রায় ৮১টি ইটভাটায় পোড়ানোর অপেক্ষায় তৈরি প্রায় ছয় কোটি কাঁচা ইট গলে যায়। রাঙ্গুনিয়া ইটভাটা মালিক সমিতির একাংশের সভাপতি আমিনুর রহমান জানান, এসব ইটের বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। ইটভাটার মালিকেরা প্রতিবছর প্রতিটি ইটভাটায় ৭০ থেকে ৮০ লাখ ইট উত্পাদন করেন। গতকালের আকস্মিক ঝড়ে বিপুল পরিমাণ কাঁচা ইট গলে যাওয়ায় মালিকেরা প্রচুর লোকসানের সম্মুখীন হয়েছেন।রাঙ্গুনিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন জানান, চলতি মৌসুমে উপজেলার গুমাই বিলসহ ১৭টি বিলে প্রায় আট হাজার ৫০০ হেক্টর জমিতে ইরি-বোরোর চাষ হয়। এর মাত্র এক-তৃতীয়াংশ পাকতে শুরু করলেও দুই-তৃতীয়াংশ ধান গাছে সবেমাত্র থোড় আসছে। গতকালের ঝড়ের কারণে এসব ধান চিটায় পরিণত হবে।