রাঙ্গুনিয়ায় ট্রাক চাপায় তিনজন নিহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আজিমনগর এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনকে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চালক মোহাম্মদ আজাদ (২১), মামুনুল ইসলাম (২৬) ও মো. জিকু (২১)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় পাঁচজন আরোহী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিক্সা চন্দ্রঘোনা লিচুবাগান বাসস্টেশনে যাচ্ছিল। পথে আজিমনগর এলাকায় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম শহরমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক মোহাম্মদ আজাদ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন অটোরিকশা আরোহী মামুনুল ইসলাম, মো. জিকু, রিদোয়ান ও রফিকুল ইসলামকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় মামুনুল ইসলাম ও আজ মঙ্গলবার সকালে মো. জিকু মারা যায়। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ট্রাক চালক আবু তাহেরকে (২৮) আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর ফতেহাবাদ এলাকায়। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, হতাহতদের বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নে।