রাঙ্গুনিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গতকাল সোমবার রাতে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে দুজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কালেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্বাস উদ্দিন চৌধুরী হাকিমনগর গ্রামে এবং আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সামশুল আলম রানীরহাট সংলগ্ন ইছামতি কলোনিতে নির্বাচনী বৈঠক করেন। এ নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। আব্বাস উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, হাকিমনগর গ্রামে বৈঠকে আসার পথে সামশুল আলমের সমর্থকেরা ইছামতি কলোনি নামক স্থানে আটক করে কামাল উদ্দিন (২০) ও মো. ইব্রাহিম (২১) নামের তাঁর দুই সমর্থককে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। রাত ১০টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় রাজানগর ইউনিয়ন পরিষদ মাঠে সমঝোতা বৈঠকে সামশুল আলমের সমর্থকেরা কামাল উদ্দিন ও ইব্রাহিমের ওপর আবারও হামলা চালায়। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে রফিক উল্লাহ (২৯), মো. জাফর (২৬) ও সেলিম (৩১) নামের আরও তিনজন আহত হয়। গুরুতর আহত কামাল ও ইব্রাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামশুল আলম জানায়, রানীরহাট সংলগ্ন ইছামতি কলোনিতে তাঁর নির্বাচনী বৈঠকে বাধা দেওয়ায় আব্বাস উদ্দিন চৌধুরীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। তবে এতে কেউ আহত হয়েছে বলে তাঁর জানা নেই। রানীরহাট পুলিশ বিটের বিট কর্মকর্তা আবদুস ছালেক প্রথম আলোকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় প্রার্থীর সমর্থকদের সরিয়ে আনে। তবে আহত হওয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান।