রাঙ্গুনিয়ায় দোকান ভাঙচুরের প্রতিবাদে ব্যবসায়ীদের হরতাল পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট বাজারে ব্যবসায়ীরা আজ শনিবার দিনব্যাপী হরতাল পালন করছেন। গত বৃহস্পতিবার আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এ উপলক্ষে বাজারের ব্যবসায়ীরা সকাল সাতটা থেকে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। একই সঙ্গে ব্যবসায়ীরা বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করেছেন । ধামাইর হাটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুন জানান, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাজানগর ইউনিয়ন বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় বাজারে নয়টি দোকানের আসবাবপত্র ভাঙচুর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে রাজারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এখনো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় হরতাল ডাকা হয়।