রাঙ্গুনিয়ায় পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজাপাড়া গ্রামে দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছাত্রদলের সভাপতি শাহজাহান সিকদারকে ছিনতাই করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমাস হোসেনকে রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বিজন কান্তি বিশ্বাস জানান, আহত পুলিশ কর্মকর্তাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘাড় ও পিঠে আঘাতের চিহ্ন আছে। এলাকাবাসী জানায়, শাহজাহান সিকদারকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তাঁর ২০-২৫ জন সহযোগী লাঠি ও দা, কিরিচ নিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে। তারা এজাহারভুক্ত আসামি শাহজাহান সিকদারকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, উপজেলার শিলক ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শাহজাহান সিকদার কয়েকজন সহযোগী নিয়ে ১৪ ফেব্রুয়ারি রাতে শিলক খালের ওপরের রাবার ড্যাম ভেঙে দেয়। এতে কোটি টাকা ক্ষতি দেখিয়ে রাবার ড্যাম উন্নয়ন প্রকল্প কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম ১৫ ফেব্রুয়ারি তিনজনের বিরুদ্ধে মামলা করেন।