রাঙ্গুনিয়ায় পৌর নাগরিক কমিটির ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৩৬ ঘণ্টা হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পৌর নাগরিক কমিটি। কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার অর্ধদিবস ও সোমবার পূর্ণ দিবস হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত দুই মেয়র প্রার্থীর সমর্থকেরা পৌর নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন। পৌর নাগরিক কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন জানান, রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী ও শাহাজাহান সিকদারের মনোনয়নপত্র বৈধতার রায় স্থগিত, সমর্থকদের ওপর পুলিশি হামলা এবং ৩০০ সমর্থকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়।উল্লেখ্য, শাহাজাহান সিকদার ও কামরুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধতার রায় গত বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে স্থগিত করা হয়। খবর পেয়ে দুই মেয়র প্রার্থীর সমর্থকেরা ওই দিন চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বিক্ষোভ করে দুই কিলোমিটার অংশে গাছের গুঁড়ি ও টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশের লাঠিপেটায় শাহাজাহন সিকদারসহ অন্তত ৫০ জন আহত হন। পুলিশ শাহাজাহন সিকদারকে প্রধান আসমি করে অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে থানায় মামলা করে।